ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর। তার ঠিক চারদিন আগে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে এল পরিবর্তন। মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। গতকাল রাতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আশরাফুলকে অবশ্য ছাঁটাই করার কথা জানায়নি বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক এ অধিনায়ককে অন্য একটি দায়িত্বে নিয়োগ দেয়া হচ্ছে। তবে নতুন দায়িত্বটা কী হবে, তা বিসিবি জানায়নি। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশের ব্যাটিং তীব্র সমালোচনার মুখে পড়েছে। ধারণা করা হচ্ছে, তারই বলি হলেন আশরাফুল। ২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান আশরাফুল। এক বছরেরও কম সময়ের মধ্যে সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেয়া হলো।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি বিসিবি জানিয়েছে, নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেয়া পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।