ফুটবল মহাযজ্ঞের আর বাকি এক বছর। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। আগামী বছরের ১১ জুন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে শুরু হবে এই বিশ্ব মাতানো আসর। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। ৬৫ লাখেরও বেশি দর্শক মাঠে উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে, আর কোটি কোটি মানুষ দেখবে বিশ্বব্যাপী সম্প্রচারের মাধ্যমে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটি শুধু একটি টুর্নামেন্ট নয়—এটা হবে সংযোগ, ঐক্য ও আবেগের এক বৈশ্বিক উৎসব।‘
বিশ্বকাপের ঠিক এক বছর বাকি থাকায় আয়োজক ১৬টি শহরে গতকাল (১১ জুন) উন্মোচন করা হয়েছে কাউন্টডাউন ঘড়ি, যা প্রতিটি শহরের নিজস্ব পরিচিতি অনুযায়ী ডিজাইন করা হয়েছে।
এদিকে মাঠের লড়াইতেও উত্তেজনা তুঙ্গে। এখন পর্যন্ত ১৩টি দেশ তাদের জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক তিন দেশ (কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র) ছাড়াও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে— আর্জেন্টিনা (বর্তমান চ্যাম্পিয়ন), ব্রাজিল, ইকুয়েডর। এশিয়া ও ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, জর্ডান, উজবেকিস্তান, নিউজিল্যান্ড।
এছাড়া এবারই প্রথম বিশ্বকাপে খেলবে জর্ডান ও উজবেকিস্তান। আগামী বছরের মার্চের মধ্যে নির্ধারিত হবে বাকি ৩৫টি দলের ভাগ্য। ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র।