হারারেতে আজ সোমবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পেসম্যান নাহিদ রানার অনবদ্য বোলিংয়ে ৭০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৪১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতিময় বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাগতিকরা। দুজনের মধ্যে বেশি ভয়ংকর ছিলেন নাহিদ। তিনি প্রথম ৭ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। শেষ করেছেন ২১ রানে ৬ উইকেট নিয়ে। ১৪ ওয়ানডের ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট নিলেন তিনি। মার্চে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেটে ও এপ্রিলে একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন দীর্ঘদেহী এ পেস বোলার। আজ দেখা পেলেন ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ৩২ রানে ২ উইকেট নেন তাসকিন।
চলতি সিরিজে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ। দুই দলের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।