বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দুর্নীতি দমন বিধিমালার বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিসিবি।
সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন—ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান ও রেজওয়ান কবির সিদ্দিক ও ফ্রাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী তৌহিদুল হক তৌহিদ। এছাড়া, নবম, দশম ও একাদশ বিপিএলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কর্মকর্তা সামিনুর রহমানের বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ বা বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি।
অভিযুক্তদের মধ্যে লাবলুর রহমান চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার, রেজওয়ান কবির সিদ্দিক সিলেট টাইটান্সের ম্যানেজার ও তৌহিদুল হক তৌহিদ নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের সহ-স্বত্বাধিকারী।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এন্টি-করাপশান কোড ফর পার্টিসিপেশন (দ্য কোড) ভঙ্গ করায় তাদের শাস্তির মুখে পড়তে হয়েছে বলে জানায় বিসিবি।
অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগের জবাব দেয়ার জন্য নোটিশ পাওয়ার পর থেকে ১৪ দিন সময় দেয়া হয়েছে। এই পর্যায়ে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্টিগ্রিটি ইউনিট পরিচালিত তদন্তে তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের জড়িত থাকা, বেটিংয়ে সম্পৃক্ততা, দুর্নীতি বিরোধী তদন্তে সহযোগিতা না করা, এমনকি তদন্তে বাধা দেয়ার মতো অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়।
অমিত মজুমদার। ছবি: বিসিবি
বিপিএলের ১২তম আসরে রংপুর রাইডার্সে ছিলেন অমিত মজুমদার। যদিও তিনি কখনো বিপিএলে কোনো ম্যাচ খেলেননি। ২০০৮ ও ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেললেও জাতীয় দলে খেলার সুযোগ পাননি। ৩৫ বছর বয়সী বামহাতি ব্যাটসম্যান খেলেছেন ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ, ৯৯টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি রূপগঞ্জ টাইগার্সের হয়ে। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলেছেন তিনি। ম্যাচশেষেই জানতে পারেন নিষেধাজ্ঞা পাওয়ার খবরটি।
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল জানান, ফিক্সিং ইস্যুতে পাঁচজন ক্রিকেটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। তামিম বলেন, ‘তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। ৫ জন ক্রিকেটার বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন।’
পরে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দণ্ডিত ক্রিকেটার ও কর্মকর্তাদের নাম জানিয়ে দেয় বিসিবি।