ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। দক্ষিণ আমেরিকার দলটির নেতৃত্বে থাকছেন কিংবদন্তি ফরোয়ার্ড লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এ আসর হবে ৩৮ বছর বয়সী মেসির ষষ্ঠ বিশ্বকাপ, যা আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে খেলার তার রেকর্ডকে আরো দীর্ঘায়িত করল। খবর রয়টার্স।
ইন্টার মায়ামি সিএফের এ তারকার সঙ্গে কাতারের বিশ্বকাপজয়ী দলের আরো ১৬ খেলোয়াড় দলে ফিরেছেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
কোচ লিওনেল স্কালোনি মূলত সেই পুরোনো দলটাই রেখেছেন, যারা আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল। তবে অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া দলে নেই। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ায় তাকে বিবেচনায় রাখা হয়নি।
মিডফিল্ডার জিওভানি লো সেলসো ইনজুরির কারণে ২০২২ সালের বিশ্বকাপে খেলতে পারেনি। এবার তিনি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেলেন। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি।
দলে নতুন প্রজন্মের কয়েকজন ফুটবলারকেও রাখা হয়েছে। এ তরুণদের মধ্যে রয়েছেন ভালেন্তিন বারকো, নিকোলাস পাস ও জুলিয়ানো সিমিওনে। এছাড়া ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিটনেসজনিত কারণে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য লেফট ব্যাক মার্কোস আকুনিয়া এবারের দলে জায়গা পাননি।
গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু হবে ১৬ জুন, এদিন বিপক্ষে থাকবে আলজেরিয়া। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে মেসির দল।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মোলিনা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, ভালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাস, হোসে মানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।