শক্তিশালী পারফরম্যান্সের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ইউরোপের দুই ফুটবল পরাশক্তি জার্মানি ও নেদারল্যান্ডস। ইউরোপীয় বাছাইপর্বের গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তারা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্ব আসরের টিকিট নিশ্চিত করেছে।
গ্রুপ এ-তে থাকা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জন্য কেবল ড্র-ই যথেষ্ট ছিল। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সানে-নাব্রি-ভার্জরা স্লোভাকিয়াকে বিধ্বস্ত করে ৬-০ গোলে।
ম্যাচের শুরু থেকেই জার্মানি নিয়ন্ত্রণ নেয়। ১৮ মিনিটে নিক ভোল্টেমাডের হেডে ১-০ গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ২৮ মিনিটে সার্জ নাব্রির গোলে ২-০। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লেরয় সানে জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় রিডল বাকু এবং আসান ওউদ্রাওগো গোল করলে ব্যবধান দাঁড়ায় ৬-০।
স্লোভাকিয়া গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে থেকে ১৬ দলের ইউরোপীয় প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই গ্রুপ থেকে উত্তর আয়ারল্যান্ডও প্লে-অফে যাবে তাদের নেশনস লীগের পারফরম্যান্সের ভিত্তিতে।
অন্যদিকে, আমস্টারডামে রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস তাদের হাই প্রেসিং ফুটবলে লিথুয়ানিয়াকে নিজেদের অর্ধেই চেপে ধরে রেখেছিল। যদিও ডাচদের জয় নিশ্চিত করতে কিছুটা সময় লেগেছে।
১৫ মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের দারুণ সেটআপ থেকে টিজানি রেইন্ডার্স নেদারল্যান্ডসকে ১-০ তে এগিয়ে দেন। তবে সফরকারী দলের জমাট রক্ষণ এবং গোলরক্ষক এডভিনাস গের্টমোনাসের চমৎকার পারফরম্যান্সে ডাচরা ৫৮ মিনিট পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি।
৫৮ মিনিটে কোডি গাকপো পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন। জাভি সিমনস এবং ডনিয়েল ম্যালেন পরের চার মিনিটের মধ্যে গোল করলে নেদারল্যান্ডস পায় ৪-০ ব্যবধানে জয়।
এদিকে, গ্রুপ জি’তে নেদারল্যান্ডসের পেছনে দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। তারা মাল্টার বিপক্ষে ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে। দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়ায় তারাও মার্চের ইউরোপীয় প্লে-অফে খেলার সুযোগ পাচ্ছে। পোল্যান্ডের হয়ে রবার্ট লেভানদোভস্কি এবং পিওতর জেলেনস্কি গোল করেছেন।