উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্নকে রুখে দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

রোমাঞ্চকর প্রথম লেগে ৫-৪ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। তৃতীয় মিনিটে খভিচা কাভারাটস্কেলিয়ার নিখুঁত কাটব্যাক থেকে গোল করেন উসমান দেম্বেলে। প্রথম লেগেও জোড়া গোল করেছিলেন এ ফরাসি ফরোয়ার্ড

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট-জারমেইন (পিএসজি)। গতকাল রাতে মিউনিখে অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোমাঞ্চকর প্রথম লেগে ৫-৪ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। তৃতীয় মিনিটে খভিচা কাভারাটস্কেলিয়ার নিখুঁত কাটব্যাক থেকে গোল করেন উসমান দেম্বেলে। প্রথম লেগেও জোড়া গোল করেছিলেন এ ফরাসি ফরোয়ার্ড।

গোল হজমের পরপরই চাপ বাড়ায় বায়ার্ন। মাইকেল ওলিসে ও লুইস দিয়াজ বক্সের বাইরে থেকে চেষ্টা করলেও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল জার্মান ক্লাবটি, তবে পিএসজির সংগঠিত রক্ষণ ভাঙতে তাদের বেশ বেগ পেতে হয়।

৩৩তম মিনিটে জোয়াও নেভেসের হেড দারুণভাবে ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। বিরতির ঠিক আগে পাল্টা দুর্দান্ত সেভ করেন পিএসজির মাতভেই সাফোনভ, কাছ থেকে নেয়া জামাল মুসিয়ালার শট রুখে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে পিএসজি কিছুটা রক্ষণাত্মক কৌশল নেয় এবং পাল্টা আক্রমণে সুযোগ খুঁজতে থাকে। ম্যাচের শেষদিকে ডিজাইরে দুয়ে ও কাভারাটস্কেলিয়া ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

অন্যদিকে সময় যত গড়িয়েছে, ততই মরিয়া হয়ে উঠেছে বায়ার্ন। শেষ পর্যন্ত যোগ করা সময়ে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চ্যাম্পিয়ন্স লিগে টানা সপ্তম ম্যাচে গোল করে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ৫৫তম গোলটি করেন তিনি। তবে সেই গোল এসেছে অনেক দেরিতে, শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি বায়ার্ন।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘বায়ার্নের মতো দলের বিপক্ষে আমরা যে মানসিক দৃঢ়তা দেখিয়েছি, তা অসাধারণ। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠতে পেরে আমরা ভীষণ খুশি। ম্যাচটা ছিল খুব কঠিন ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে আর্সেনাল এফসি। সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকেকে হারিয়ে ২০ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে লন্ডনের ক্লাবটি।

আরও