নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছে বাংলাদেশ। রোববার রাতে দুবাইতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১১৪ রান তুলতে সমর্থ হয় নিগার সুলতানার দল। পেস বোলার মারুফা আক্তার ২১ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলংকাকে ভালোই চ্যালেঞ্জ ছুড়ে দেন। যদিও শেষ রক্ষা হয়নি। হারসিথা সামারাবিক্রমা ৩৭ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে সিংহলিজদের ৪ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে ১৭ বছর বয়সী অর্থোডক্স স্পিনার চামুদি প্রাবোদার ঘূর্ণিতে ২০ ওভারে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ দল। ২১ রানে ৩ উইকেট নেন চামুদি। সুগন্ধিকা কুমারি নেন ২২ রানে ২ উইকেট। বাংলাদেশের পক্ষে সোবহানা মোস্তারি ৪১ বলে ৩৪ ও দিলারা আক্তার ২৬ বলে ২৬ রান করেন।
৮ দলের এই আসরে ‘বি’ গ্রুপে তিন ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান করছে শ্রীলংকা, বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে দুইয়ে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে নিগারের দল।