চীনে চলমান জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল আজ শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। তৃতীয় কোয়ার্টারে গোলের সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার। দারুণ এক ফিল্ড গোলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন (২-০)। শেষ দিকে গোল করে ম্যাচটা জমিয়ে তোলে মালয়েশিয়ার। ৫৯ মিনিটে একটি গোল শোধ করে দলটি। এরপরও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন সারিকা রিমনরা।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশ শুক্রবার কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে যায়। সেই হারে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার সরাসরি সুযোগ শেষ হয়ে যায়। প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেতে হলে অন্তত সেমিফাইনালে উঠতে হতো বাংলাদেশকে। বিশ্বকাপে খেলার সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি। আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ ভারতে হলে বাংলাদেশ খেলার সুযোগ পাবে। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলে সংশ্লিষ্ট মহাদেশ থেকে আরেকটি দেশ সুযোগ পায়। যেহেতু বাংলাদেশ পঞ্চম হলো, তাই সুযোগটা বাংলাদেশই তখন পাবে।
২০২৩ সালের জুনিয়র এশিয়া কাপ হকিতে খেললেও নবম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এবার লাল-সবুজ মেয়েরা পঞ্চম হয়ে দেশে ফিরছে, যা তাদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।