২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির তো অবসরই নেয়ার কথা ছিল। এরপর তিনি খেললেন ২০২৬ সালের বিশ্বকাপেও। তবে তা কারো দয়া দাক্ষ্যিণ্যে নয়, নিজের যোগ্যতায় দলে জায়গা করে নেন। ২০২৬ সালের বিশ্বকাপে ছিলেন আর্জেন্টিনার সেরা পারফরমার। করেছেন ৮ গোল, অ্যাসিস্ট আরো ৪ গোলে।
বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করা ৩৯ বছর বয়সী মেসি এবার ক্লাবের জার্সিতেও উড়ছেন। ইন্টার মায়ামির হয়ে আজ রোববার সকালে করেছেন চার গোল। মেজর লিগ সকারের এ ম্যাচে মেসির অনবদ্য পারফরম্যান্সে ভর করেই মন্ট্রিয়লকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে এই প্রথম এক ম্যাচে চার গোল করলেন মেসি। সব মিলে, মোট নয়টি ম্যাচে চার কিংবা ততোধিক গোল করার কৃতিত্ব দেখালেন আর্জেন্টাইন কিংবদন্তি। ১ হাজার ১৭১টি পেশাদার ম্যাচে এটা মেসির ৬২তম হ্যাটট্রিক। বার্সেলোনার জার্সিতে ৪৮টি, আর্জেন্টিনার জার্সিতে ১১টি ও ইন্টার মায়ামির জার্সিতে ৩টি হ্যাটট্রিক করেছেন তিনি। হ্যাটট্রিকের মধ্যে সাত ম্যাচে তিনি চার গোল, দুবার পেয়েছেন পাঁচ গোল।
চলতি মৌসুমে মেজর লিগ সকারে ১৮ গোল করেছেন মেসি। আজই তিনি এফসি ডালাসের পিটার মুসাকে টপকে লিগের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকল ইন্টার। ন্যাশভিল এফসি তাদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে।
আজকের ম্যাচে চার গোল করেই দায়িত্ব শেষ করেননি মেসি। ৮০ মিনিটে লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেন আরো একটি গোল। এছাড়া, ক্যাসেমিরো ও আলেক্সান্ডার শ করেন একটি করে গোল।
মেসির বিশ্বকাপ থেকে ফেরার পর সাত ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ছিল ইন্টার মায়ামির। এবার জয়ে ফিরল ডেভিড বেকহ্যামদের দলটি। এই প্রত্যাবর্তনে সবচেয়ে বড় অবদান রাখলেন ‘বুড়ো’ মেসি।