উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

সাকার গোলে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

ম্যাচের একমাত্র গোলটি করেন আর্সেনালের অধিনায়ক বুকায়ো সাকা। ৪৪তম মিনিটে লিয়ান্দ্রো ট্রসার্ডের শট ঠেকিয়ে দেন ইয়ান ওব্লাক। তবে ফিরতি বলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে জালে বল জড়ান সাকা

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল আর্সেনাল, তাও কি-না ২০ বছর পর। গতকাল ঘরের মাঠে ১-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে সেমিফাইনাল জেতে তারা।

ম্যাচের একমাত্র গোলটি করেন আর্সেনালের অধিনায়ক বুকায়ো সাকা। ৪৪তম মিনিটে লিয়ান্দ্রো ট্রসার্ডের শট ঠেকিয়ে দেন ইয়ান ওব্লাক। তবে ফিরতি বলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে জালে বল জড়ান সাকা।

কোচ মিকেল আর্তেতার দল পুরো কৌশলী ফুটবল খেলে ম্যাচজুড়ে অ্যাটলেটিকোর আক্রমণভাগকে কার্যত থামিয়ে দেয়। হুলিয়ান আলভারেজ, মারকোস ইয়োরেন্তে ও অঁতোয়ান গ্রিজমানের মতো খেলোয়াড় থাকলেও বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকোর জিউলিয়ানো সিমিওনে একটি ভালো সুযোগ পেলেও গ্যাব্রিয়েল মাগালহায়েস তা ঠেকিয়ে দেন। মাঝমাঠে দারুণ সক্রিয় ছিলেন ডেকলান রাইস।

শেষদিকে আর্সেনালের ভিক্টর জিওকারেস সহজ সুযোগ মিস করেন। অন্যদিকে অ্যাটলেটিকোর আলেকজান্ডার সোরলথও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

এ জয়ের ফলে ২০০৬ সালের পর আবারও ফাইনালে উঠল আর্সেনাল। ৩০ মে বুদাপেস্টের পুশকাস অ্যারেনায় পিএসজি বা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে দলটি।

এদিকে ২০০৪ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ জয়ের কাছাকাছিও রয়েছে আর্সেনাল। ফলে মৌসুমের শেষটা হতে পারে তাদের জন্য স্মরণীয়।

আরও