আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে বসতে পাকিস্তানের লাহোরে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে রোববার আলোচনায় বসছে পিসিবি, বিসিবি ও আইসিসি। বৈঠক শেষে আজই বুলবুলের দেশে ফেরার কথা রয়েছে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজনের জন্য বলা হলেও আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপ ম্যাচ ভারতেই খেলতে হবে, বাংলাদেশ দলকে নিরাপত্তা দেয়া হবে। এমন অবস্থায় বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এদিকে, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের।
এদিকে, আইসিসির পক্ষ থেকে এখনো পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না পাকিস্তান।