নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১ মে দল ঘোষণার শেষ সময় হলেও কিউই বোর্ড তারও দুদিন আগে বিশ্বকাপ দলের নাম জানিয়ে দেয়। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এরপর ভারত, অস্ট্রেলিয়া, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। তবে গতকাল পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস ছাড়া সবাই দল ঘোষণা করেছে।
বিশ্বকাপের দল নিয়ে সবচেয়ে আলোচনা ভারতে। বিশেষ করে, তাদের একঝাঁক তারকা জায়গা পাননি বিশ্বকাপগামী দলে। আবার অস্ট্রেলিয়া দলে ঠাঁই পাননি সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও আইপিএলে ঝড় তোলা তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।
ভারতের স্কোয়াড নিয়েই বেশি তর্ক-বিতর্ক। আইপিএলে একাধিক দলের অধিনায়কও বিশ্বকাপের দলে জায়গা পাননি। লক্ষ্মৌ সুপার জায়ান্ট অধিনায়ক লোকেশ রাহুল, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আইয়ার, চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বিশ্বকাপের দলে নেই। গায়কোয়াড় গতকাল পর্যন্ত ১১ ম্যাচে ৫৪১ রান করে ছিলেন রানচার্টের দুই নম্বরে। মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটকিপার-ব্যাটার ইশান কিশানেরও জায়গা হয়নি বিশ্বকাপের তারকাখচিত দলে। গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল আছেন শুধু রিজার্ভ হিসেবে। শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করে উপেক্ষার জবাবই কি দিলেন গিল? ওই ম্যাচে সেঞ্চুরি করা তার সতীর্থ সাই সুদর্শন ৫২৭ রান করে এবারের আইপিএলে রানচার্টে আছেন পঞ্চম স্থানে।
দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্ত ও রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসনকে উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে। তাই বাদ পড়তে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হার্ডহিটার ব্যাটার ও উইকেটকিপার দিনেশ কার্তিককে।
অথচ যারা বিশ্বকাপের দলে ঠাঁই পাননি তারা সবাই আইপিএলের বড় তারকা। বিশ্বের সেরা এ টি-টোয়েন্টি লিগে খেলে তারা কোটি কোটি রুপি পারিশ্রমিক পান। কিন্তু তারাই কিনা বিশ্বকাপে থাকছেন দর্শক হয়ে। নানা সমীকরণে তারা বিশ্বকাপগামী দলে জায়গা পাননি।
পাঞ্জাব কিংসের বোলার হার্শাল প্যাটেল, চেন্নাইয়ের পেসার দীপক চাহারও আছেন ব্রাত্য খেলোয়াড়দের দলে। ভারতের ১৫ জনের মূল দলে তো বটেই, রিজার্ভ দলেও জায়গা হয়নি এদের। যারা বিশ্বকাপে সুযোগ পাননি, তাদের নিয়েই আরেকটি শক্তিশালী স্কোয়াড গঠন করা সম্ভব।
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতের সাবেক পেস অলরাউন্ডার মদন লাল দুই পেসার আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলে ‘টাইমস অব ইন্ডিয়া’র সঙ্গে আলাপচারিতায় বলেছেন, ‘যশপ্রীত বুমরাহ বাদে পেস আক্রমণ আমার পছন্দ হয়নি। তেমন ভালো হয়নি। সিরাজ বিভিন্ন জায়গায় ভালোই করেছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সে অধারাবাহিক। আমার মনে হয়, ভারতের পেস বিভাগে দুর্বলতা আছে। শুধু টি-টোয়েন্টি নয়, উইকেট নিয়ে ম্যাচ জেতানোর জন্য ভালো পেসারের প্রয়োজন হয়। বুমরাহ উইকেটশিকারি, ম্যাচ জেতানো বোলার। দেখা যাক, সিরাজ কেমন পারফর্ম করে। তা না হলে ভারতকে বুমরাহর ওপর অনেক বেশি নির্ভর করতে হবে। ভারতের আরেকজন পেসার নেয়া উচিত ছিল।’
এদিকে, ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বেশ সাহসী সিদ্ধান্ত নিয়েছে। বেশকিছু তারকা খেলোয়াড়কে বিশ্বকাপগামী দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। চলতি বছর তিনি অস্ট্রেলিয়ার হয়ে দুটি ম্যাচ খেলেছেন, যাতে হাসেনি তার ব্যাট। দুই ম্যাচ থেকে করেছেন যথাক্রমে ১১ ও ৪ রান। অজিদের হয়ে এখন পর্যন্ত ৬৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যদিও এবারের বিশ্বকাপে তার জায়গা হলো না। অভিজ্ঞ স্টিভ স্মিথ ছাড়াও আইপিএলে ঝড় তোলা ২২ বছর বয়সী তরুণ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও জায়গা পাননি। তাকে নিয়ে জোর আলোচনা ছিল যে তিনি ট্রাভিস হেডের সঙ্গে বিশ্বকাপে ওপেন করতে পারেন। যদিও ‘রোমাঞ্চকর’ এ ওপেনিং জুটি এবারের বিশ্বকাপে অন্তত দেখা যাচ্ছে না।
গতকাল পর্যন্ত ৭ ম্যাচে ৩০৯ রান করেছেন তিনি ২৩৫.৮৭ স্ট্রাইক রেটে। বাউন্ডারি মেরেছেন ৩০টি, ছক্কা হাঁকিয়েছেন ২৬টি। এমন এক ব্যাটারকেও উপেক্ষা করা যায়। কিন্তু অজি নির্বাচকরা আবেগকে প্রাধান্য দেননি, দিয়েছেন বিবেককে। তাকে দলে নিতে না পেরে দুঃখপ্রকাশ করে অজি দলনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, ম্যাকগার্গের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। তিনি বলেন, ‘জ্যাকি (ফ্রেজার-ম্যাকগার্ক) অবিশ্বাস্য এক খেলোয়াড়। আইপিএলে ঝড় তুলে সে সবার হৃদয় জয় করেছে। তবে আমি মনে করি, আমাদের দলের প্রতিটি বিভাগই পরিপূর্ণ। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড অসাধারণ খেলে এসেছে। আমরা যে ১৫ জন নিয়ে দল গড়েছি তাদের নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করি, এ দলটি টুর্নামেন্টে অনেকদূর যাবে।’
অস্ট্রেলিয়া ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে। গত বছর ঘরের মাঠে আসরে তারা ব্যর্থ হয়। সেবার শিরোপা জিতে নেয় ইংল্যান্ড।
১৫ জনের নাম জানিয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। এ দলটির নেতৃত্ব দেবেন কৃতী ব্যাটার জস বাটলার। কনুইয়ের ইনজুরির কারণে ২০২৩ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা পেস বোলার জোফরা আর্চার ফিরেছেন বিশ্বকাপের দলে। ১৫ জনের এ দলে আছেন অনভিষিক্ত স্পিনার টম হার্টলি।
বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাও। এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। প্রায় নয় মাস পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন এনরিখ নরকিয়া। পিঠের চোটে ভুগছিলেন তিনি। বোলারটি বর্তমানে আইপিএল খেলছেন। এছাড়া ওপেনিং ব্যাটার রায়ান রিকেলটন ও সিমার ওটনিয়েল বার্টম্যান ডাক পেয়েছেন বিশ্বকাপের দল। এ বছর এসএটি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফর্ম করা এ দুজন প্রথমবারের মতো প্রোটিয়াদের দলে ডাক পেলেন। মিডল অর্ডার ব্যাটার রাসি ফন ডার ডুসেন ও রাইলি রুশোর জায়গা হয়নি প্রোটিয়া স্কোয়াডে।
দল ঘোষণা করেছে সহস্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এ দলে চমক বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। তিনি টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেন গত ডিসেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তাকে রাখেনি ক্যারিবিয়ানরা। এবার বিশ্বকাপ দিয়ে ফিরলেন তিনি দলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৭ টি-টোয়েন্টি খেলা হেটমায়ার এখন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। গতকাল পর্যন্ত ১০ ইনিংসে ৮৩ রান করেছেন। তবু তাকে বিশ্বকাপে নিল ওয়েস্ট ইন্ডিজ।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন শামার জোসেফ। অভিষেক ম্যাচেই নেন ৫ উইকেট। পরের ম্যাচে গ্যাবায় চোট নিয়েও দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন অভাবনীয় জয়। সেই পারফরম্যান্সেই তিনি দ্বীপপুঞ্জের জনপ্রিয় নাম। তাকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেখেছে ক্যারিবীয়রা।
রভম্যান পাওয়েলের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে ক্যারিবিয়ানরা। তার ডেপুটি হিসেবে থাকবেন পেসার আলজারি জোসেফ। দলে আছেন নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার। অবসর ভেঙে সুনিল নারাইনকে ফেরানোর চেষ্টায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত এই স্পিনিং অলরাউন্ডারের সিদ্ধান্ত বদলাতে পারেননি তারা। তাকে পেলে লাভবান হতো ক্যারিবীয়রা। আইপিএলে ক্যারিয়ারসেরা ফর্মে আছেন নারাইন। মূলত স্পিনার হলেও এবার গতকাল পর্যন্ত এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৪৬১ রান করে রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলের বেশির ভাগই খেলছেন আইপিএলে। তাদের যত দ্রুত সম্ভব ছেড়ে দেয়ার জন্য বিসিসিআইকে বলেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ক্যারিবিয়ানদের সঙ্গে আছে পাপুয়া নিউগিনি, উগান্ডা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে তারা।
সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা দলে নতুন চমক নেই। চমক বলতে তারা অভিজ্ঞদের প্রাধান্য দিয়েছে। টি-টোয়েন্টি দলনায়ক হাসারাঙ্গা ডি সিলভা, ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিস ও টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এবং সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দাসুন শানাকা আছেন বিশ্বকাপ স্কোয়াডে।
১ মে আইসিসির কাছে দল জমা দেয়ার শেষ দিন ছিল। ক্রিকেট বোর্ডগুলো আইসিসির কাছে প্রাথমিক দল জমা দিয়েছে ঠিকই, কিন্তু কেউ ঘোষণা করেছে, কেউ করেনি। কারণ, ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ আছে। বাংলাদেশও এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি। আইসিসি, ক্রিকইনফো