ইনস্টাগ্রামে ডিএম পাঠাতে ভুলে যাওয়া আর নয়!

অনেক সময় গুরুত্বপূর্ণ মেসেজ মনে থাকলেও সঠিক সময়ে পাঠানোর কথা ভুলে যাওয়া খুবই সাধারণ ঘটনা।

অনেক সময় গুরুত্বপূর্ণ মেসেজ মনে থাকলেও সঠিক সময়ে পাঠানোর কথা ভুলে যাওয়া খুবই সাধারণ ঘটনা। এ সমস্যা থেকে মুক্তি দিতে ইনস্টাগ্রাম চালু করেছে নতুন একটি ফিচার। ব্যবহারকারীদের জন্য ডিরেক্ট মেসেজ (ডিএম) শিডিউল করার সুবিধা এনেছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এটি ব্যবহারে গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে ভুলে যাওয়া সহজেই এড়ানো যাবে।

ইনস্টাগ্রাম ডিএমের নতুন এ ফিচার ব্যবহারকারীদের পছন্দের তারিখ ও সময় নির্ধারণ করে মেসেজ পাঠানোর সুযোগ দেয়। ফিচারটি এরই মধ্যে ইনস্টাগ্রামে চালু হয়েছে এবং এটি সবার জন্য উন্মুক্ত। এখন ব্যবহারকারীরা সহজেই বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে নির্ধারিত সময়ে মেসেজ পাঠাতে পারবেন। যারা আগে থেকে কোনো বার্তা লিখে রাখতে চান, কিন্তু নির্ধারিত সময়ের আগে সেটি পাঠানো ঠিক হবে না, এসব ক্ষেত্রে ফিচারটি বেশ কার্যকর। উদাহরণস্বরূপ, জন্মদিনের শুভেচ্ছা বা ইভেন্ট রিমাইন্ডার পাঠানোর ক্ষেত্রে এটি বিশেষভাবে সহায়ক।

ডিএম শিডিউল করার প্রক্রিয়াও সহজ। ইনস্টাগ্রাম অ্যাপ খুলে ওপরের ডান কোণে থাকা তীর চিহ্ন বা চ্যাট বাবল আইকনে ক্লিক করতে হবে। সেখানে নতুন করে চ্যাট তৈরি বা পছন্দের কন্টাক্ট নির্বাচন করে মেসেজ টাইপ করতে হবে। এরপর সেন্ড বাটনটি খানিকটা সময় চেপে ধরে রাখলে স্ক্রিনে একটি শিডিউল অপশন ভেসে উঠবে। সেখান থেকে ডায়াল ব্যবহার করে তারিখ ও সময় নির্ধারণ করে দিলে মেসেজ শিডিউল হয়ে যাবে। এভাবে মেসেজ শিডিউল করলে নির্ধারিত দিন ও সময়ে মেসেজ স্বয়ংক্রিয়ভাবে সেন্ড হয়ে যাবে। ফিচারটি ব্যবহার করে সর্বোচ্চ ২৯ দিন আগে মেসেজ শিডিউল করা সম্ভব।

বর্তমানে ইনস্টাগ্রামে ডিএমের শিডিউল করা মেসেজ কেবল টেক্সট, ইমোজি ও কি-বোর্ডের বিশেষ ক্যারেক্টার শিডিউল করা যাবে। ফটো, ভিডিও ও জিআইএফ এখনো এ ফিচারে অন্তর্ভুক্ত হয়নি।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সর্বোত্তম অভিজ্ঞতা দিতে চলতি বছর প্লাটফর্মটিতে উল্লেখযোগ্য কয়েকটি ফিচার যোগ করেছে। ভিডিও দেখার সময় ফিড রিফ্রেশ হয়ে যাওয়া সমস্যার সমাধান করা হয়েছে। ব্যক্তিগত পছন্দ অনুযায়ী রিকমেন্ডেশন পুনরায় সাজানোর সুযোগ নিয়ে এসেছে রিসেট ফিচার। পোস্ট শিডিউল করার সুবিধা এরই মধ্যে রয়েছে, যা আরো উন্নত করা হয়েছে মেটা বিজনেস সুইটের মাধ্যমে।

ইনস্টাগ্রামের নতুন ডিএম শিডিউল ফিচার কেবল একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং কোনো সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের সহায়ক হিসেবেও কাজ করবে। বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে, সময়মতো তথ্য শেয়ার ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরো সুন্দর করতে ফিচারটি হতে পারে আদর্শ সমাধান।

সম্প্রতি ডিরেক্ট মেসেজে আরেকটি পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের সেক্সটর্শন স্ক্যাম (ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশের হুমকি) থেকে রক্ষা করতে নতুন নিরাপত্তা ফিচার ঘোষণা করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এর একটি মূল পরিবর্তন ব্যবহারকারীরা ব্যক্তিগত মেসেজে পাঠানো অস্থায়ী ছবি বা ভিডিওর স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড করতে পারবেন না।

আগে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ডিএমে পাঠানো অস্থায়ী কনটেন্টের স্ক্রিনশট নিতে পারতেন। তবে প্রেরককে জানানো হতো অন্যদিক থেকে এটি সংরক্ষণ করা হয়েছে।

এনগ্যাজেট অবলম্বনে

আরও