সুইচ গেমিং ডিভাইস বাজারজাতের মাধ্যমে বাজারে ভালো অবস্থান তৈরি করেছে নিনতেন্দো। গুঞ্জন ছিল শিগগিরই হয়তো দুই ডিসপ্লের সুইচ ২ উন্মোচন করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এ গুঞ্জন নাকচ করা হয়েছে। খবর গিজমোচায়না।
পেটেন্ট আবেদনের তথ্যের বরাতে গুঞ্জন ছড়ায়। বলা হয়, আইকনিক থ্রিডিএসের মতো দুই ডিসপ্লের সুইচ ২ ডিভাইস আনার জন্য কাজ করছে নিনতেন্দো। মাল্টিপ্লেয়ার গেমিং মুডে ডিভাইসটি দুই ভাগে আলাদা হয়ে যাবে এমন তথ্যও প্রকাশ্যে এসেছে। তবে নিনতেন্দোর প্রেসিডেন্ট শুনতারো ফুরুকাওয়া শক্তভাবে দুই ডিসপ্লের গেমিং কনসোল আনার গুঞ্জন নাকচ করে দিয়েছেন। আয় প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ দাবিকে মিথ্যা আখ্যা দেন। এছাড়া থ্রিডিএস মডেলের যে উদাহরণ দেয়া হচ্ছে সেটির উৎপাদনও বন্ধ বলে জানান তিনি।
মাইক্রোসফটের অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণসংক্রান্ত মামলায় নথি দাখিল করা হয়েছিল। সেখানে নতুন ডিভাইসের তথ্য রয়েছে বলেও দাবি করা হয়েছিল। তবে নিনতেন্দো এ দাবিও নাকচ করে দিয়েছে। বিবৃতিতে কোম্পানিটি জানায়, অ্যাক্টিভিশন ব্লিজার্ড বা অন্য কোনো কোম্পানির সঙ্গে ডিভাইসসংক্রান্ত কোনো তথ্য শেয়ার করা হয়নি।
সুইচ ২ ডিভাইসটি কবে নাগাদ প্রকাশ্যে আসবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। খাতসংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্যানুযায়ী, বিভিন্ন সহযোগীর কাছে এরই মধ্যে ডিভাইসটির উন্নয়নসংক্রান্ত কীট পৌঁছে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ডিভাইসটি উন্মোচন হতে পারে।