শব্দের প্রতিধ্বনি কাজে লাগিয়ে হারানো বস্তু খুঁজতে পারে এমন রোবট আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মূলত বাদুড় থেকে অনুপ্রাণিত হয়েই রোবটের নতুন এ মডেল বানিয়েছেন ইউনিভার্সিটি অব টরন্টোর গবেষকরা। খবর টেকটাইমস।
শব্দের প্রতিধ্বনি কাজে লাগানোর সক্ষমতা রোবটকে নিজে নিজে চলাচলের ক্ষমতা দিয়েছে। গবেষকরা আশা করছেন, এ সক্ষমতাকে কাজে লাগিয়ে হারানো মানুষও খুঁজে বের করতে পারবে ছোট এ রোবট। এমনকি এটি তৈরিতে কোনো ব্যয়বহুল হার্ডওয়্যারের প্রয়োজন নেই। গবেষক দল ইন্টিগ্রেটেড অডিও হার্ডওয়্যার দিয়ে রোবটটি তৈরি করেছেন। ব্যবহার করা হয়নি জিপিএস সেন্সর বা ক্যামেরার মতো কোনো হার্ডওয়্যার। ফলে এটির আকার এতই ছোট যে হাতের তালুতে রেখেই পরিচালনা সম্ভব।
রোবটটির কার্যপদ্ধতিও হুবহু বাদুড়ের মতো। এটি বিভিন্ন তরঙ্গের শব্দ উৎপাদন করে। শব্দ প্রতিধ্বনিত হয়ে এর মাইক্রোফোনে ফিরে আসে। ফিরে আসা তরঙ্গ বিশ্লেষণ করে শব্দ কোথায় প্রতিধ্বনিত হচ্ছে সেটির ম্যাপ তৈরি করা হয়।
গবেষকদের দাবি, রোবটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি পরিচালনায় আগের থেকে কোনো প্রশিক্ষণও প্রয়োজন নেই। তবে এটিকে বড় আকারে তৈরি করা হলে কতটা সঠিকভাবে কাজ করবে, তা নিয়ে আরো গবেষণা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
গবেষকদের মতে, তাদের আবিষ্কৃত এ পদ্ধতিতে ছোট ছোট রোবট বড় সার্চ মিশন বা উদ্ধার কার্যক্রমে দারুণ ভূমিকা পালন করতে পারে। যেসব স্থানে বড় ও ভারী আকৃতির রোবট পৌঁছাতে পারে না সেখানে টেনিস বল সাইজের রোবটগুলো দারুণ কার্যকর ভূমিকা রাখতে পারে।