নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণ

কার্বন ডাই-অক্সাইড ব্যাটারিতে গুগলের বিনিয়োগ

নবায়নযোগ্য জ্বালানি থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কার্বন ডাই-অক্সাইড ব্যাটারি প্রযুক্তিতে বিনিয়োগ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

নবায়নযোগ্য জ্বালানি থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কার্বন ডাই-অক্সাইড ব্যাটারি প্রযুক্তিতে বিনিয়োগ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ইতালিভিত্তিক স্টার্টআপ এনার্জি ডোমের সঙ্গে গ্লোবাল চুক্তির আওতায় গুগল এ প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। খবর এনগ্যাজেট।

মিলানভিত্তিক এনার্জি ডোম এমন একটি ব্যাটারি পদ্ধতি তৈরি করেছে, যা বাতাস বা সূর্যালোক না থাকলেও নবায়নযোগ্য উৎস থেকে সংগৃহীত বিদ্যুৎ ৮-২৪ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ ও সরবরাহ করতে সক্ষম। বর্তমানে প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির মেয়াদ মাত্র ৪ ঘণ্টা বা তার কম।

এ ব্যাটারির কাঠামো দেখতে গম্বুজের মতো। যখন সৌর বা বায়ুশক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে অতিরিক্ত বিদ্যুৎ উৎপন্ন হয়, তখন এ শক্তি ব্যবহার করে ব্যাটারির মধ্যে থাকা কার্বন ডাই-অক্সাইড গ্যাসকে তরলে রূপান্তর করা হয়। পরবর্তী সময়ে যখন বিদ্যুতের চাহিদা থাকে, তখন সে তরল গ্যাসে রূপ নিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। এ প্রক্রিয়ায় প্রায় একদিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।

গুগল জানিয়েছে, এ প্রযুক্তি দ্রুত বাণিজ্যিকভাবে কার্যকর করা সম্ভব এবং এটি সহজে ও কম খরচে বড় পরিসরে চালু করা সম্ভব। ২০৩০ সালের মধ্যে গুগল তার সব কার্যক্রম নবায়নযোগ্য জ্বালানিতে চালানোর লক্ষ্যে কাজ করছে। জ্বালানি খাতে নবায়নযোগ্য উৎসের ওপর নির্ভরতা বাড়াতে হলে দীর্ঘ সময় বিদ্যুৎ সংরক্ষণের মতো প্রযুক্তির প্রয়োজন, যা এনার্জি ডোমের কার্বন ডাই-অক্সাইড ব্যাটারি পূরণ করতে পারে বলে বিশ্বাস করছে গুগল।

এ বিনিয়োগের মাধ্যমে গুগল শুধু নিজের কার্যক্রমেই নয়, বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পথও সুগম করতে চায়।

আরও