সাম্প্রতিক সময়ে তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পকে লক্ষ্য করে সাইবার হামলার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এ হামলার শিকার হয়েছে দেশজুড়ে সেমিকন্ডাক্টর উৎপাদন, সরবরাহ চেইন ও আর্থিক বিনিয়োগ বিশ্লেষণ প্রতিষ্ঠানগুলো। খবর টেকরাডার।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্টের সর্বশেষ বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। এ জন্য চীন সমর্থিত কয়েটি হ্যাকার গ্রুপকে দায়ী করছে প্রুফপয়েন্ট। প্রতিষ্ঠানটির দাবি অন্তত তিনটি ভিন্ন হ্যাকার গ্রুপ এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। গ্রুপগুলোকে শনাক্ত করা হয়েছে ইউএনকে ফার্স্টবাম্প, ইউএনকে ড্রপপিচ, ইউনকে স্পার্কিকার্ব নামে। যদিও বিভিন্ন নিরাপত্তা গবেষণা সংস্থা একই গ্রুপকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে চিহ্নিত করে। তবে প্রুফপয়েন্টের মতে এগুলো তুলনামূলকভাবে নতুন ও আগের পরিচিত চীনা হ্যাকারদের চেয়ে কিছুটা ভিন্ন কৌশল ব্যবহার করছে।
প্রুফপয়েন্টের পর্যবেক্ষণ অনুযায়ী, মার্চ থেকে জুনের মধ্যে এ হামলাগুলো সংঘটিত হয়। আক্রমণের লক্ষ্যবস্তু ছিল এমন কিছু প্রতিষ্ঠান, যারা সেমিকন্ডাক্টর ও ইন্টিগ্রেটেড সার্কিটের ডিজাইন, উৎপাদন ও পরীক্ষার সঙ্গে যুক্ত। সেই সঙ্গে বৃহৎ সরঞ্জাম ও পরিষেবা সরবরাহকারী। এছাড়া তাইওয়ানের সেমিকন্ডাক্টর খাতে বিশেষজ্ঞ আর্থিক বিশ্লেষকরাও আক্রমণের শিকার হয়েছেন।
গ্রুপগুলো সাধারণত ফিশিং ই-মেইলের মাধ্যমে প্রাথমিক যোগাযোগ স্থাপন করে। তবে ব্যবহৃত ম্যালওয়্যার ও সরঞ্জামগুলোর ধরন গ্রুপভেদে আলাদা। ইউএনকে কোল্টসেঞ্চুরি নামের চতুর্থ আরেকটি গ্রুপকেও সন্দেহের তালিকায় রেখেছে প্রুফপয়েন্ট। গ্রুপটি ভুক্তভোগীদের কম্পিউটারে স্পার্ক নামের একটি ম্যালওয়ার ইনস্টলের চেষ্টা করছিল।