ফেসবুক অ্যাপের ডিজাইনে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন ফিচার

ইনস্টাগ্রামে রিলস ও বার্তা বেশি জনপ্রিয় হওয়ায় এসব অভিজ্ঞতা ফেসবুকেও বাড়ানো হবে। নেভিগেশন বারে প্রোফাইল ট্যাব থাকবে এবং ব্যবহারকারীরা চাইলে তা নিজের মতো সাজিয়ে নিতে পারবেন।

ফেসবুক তাদের মূল অ্যাপের ডিজাইন নতুনভাবে সাজাচ্ছে। নতুন এ আপডেটে ছবি দেখা, বন্ধুর সঙ্গে যোগাযোগ ও মার্কেটপ্লেস ব্যবহারের অভিজ্ঞতা আরো সহজ হবে। এসব পরিবর্তন এলে অ্যাপটি আগের পরিচিত ব্যবহারের ধরনে ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

মেটা জানিয়েছে, বন্ধুত্ব, ছবি, বার্তা আদান-প্রদান ও মার্কেটপ্লেসকে সামনে এনে অ্যাপটি সাজানো হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের ভার্চুয়াল জগতভিত্তিক বিনিয়োগ কমানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। যদিও যুক্তরাষ্ট্রে ব্যবহারকারী বাড়ার হার স্থির, তবুও ফেসবুক এখনো কোটি মানুষের ব্যবহৃত একটি প্ল্যাটফর্ম।

এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জেন জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি নিয়মিত মার্কেটপ্লেস ব্যবহার করেন। মেটা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রতিদিন সক্রিয় তরুণ ব্যবহারকারীদের চার ভাগের এক ভাগ এই প্ল্যাটফর্মে কেনাবেচার সঙ্গে যুক্ত।

মেটা আরো জানিয়েছে, মার্কেটপ্লেস এতদিন ‘মোর মেন্যু’ এর ভেতরে ছিল। নতুন আপডেটে সেটিকে নিচের নেভিগেশন বারে আনা হবে। এর সঙ্গে যুক্ত হবে রিলস, বন্ধুদের সঙ্গে যোগাযোগ ও নির্মাতাদের জন্য কিছু নতুন ফিচার।

ইনস্টাগ্রামে রিলস ও বার্তা বেশি জনপ্রিয় হওয়ায় এসব অভিজ্ঞতা ফেসবুকেও বাড়ানো হবে। নেভিগেশন বারে প্রোফাইল ট্যাব থাকবে এবং ব্যবহারকারীরা চাইলে তা নিজের মতো সাজিয়ে নিতে পারবেন।

ছবিতে ডাবল ট্যাপ করলে লাইক দেয়ার সুযোগ আসবে। ছবি গ্রিডে দেখা যাবে এবং কোনো ছবি চাপলে পুরো পর্দায় দেখা যাবে। এছাড়া অনুসন্ধান অংশেও গ্রিড ভিউ যুক্ত হবে। ফুলস্ক্রিন ভিউর পরীক্ষাও চলবে যাতে ছবি ও ভিডিও দেখা সহজ হয়।

স্টোরি ও সাধারণ পোস্ট তৈরির প্রক্রিয়া আরো সহজ হবে। ছবি বা ভিডিওতে গান যোগ করা ও বন্ধুকে ট্যাগ করার অপশন আরো স্পষ্টভাবে দেখা যাবে। অডিয়েন্স বাছাইসহ অন্যান্য সেটিংস সামনে আনা হবে।

ফিড, গ্রুপ ও রিলসে মন্তব্যের সিস্টেমেও পরিবর্তন আসবে। রিয়্যাক্ট দেয়া সহজ হবে, ব্যাজ স্পষ্টভাবে দেখা যাবে এবং কমেন্ট পিন করার সুবিধা বাড়বে। এছাড়া অপ্রাসঙ্গিক কমেন্ট বা বিরক্তিকর আচরণ ‘হিডেন’ বা গোপন রিপোর্ট করা যাবে। ফিডে কোনো পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারী কারণ জানিয়ে নিজের ফিড সাজাতে পারবেন।

প্রোফাইলে নতুন তথ্য যোগ করার সুযোগও আসছে। শখ, আগ্রহ, গান, টিভি অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয় যোগ করা যাবে এবং এগুলো ফিডে শেয়ার করা হবে কি না, তা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন।

নতুন ফিচারগুলো ফিডের র‍্যাংকিংয়েও প্রভাব ফেলতে পারে। মেটা জানায়, নতুন আপডেট আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে চালু হবে। তবে কিছু পরিবর্তন কেবল মোবাইল সংস্করণেই দেখা যাবে।

আরও