মানবজীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে মোবাইল ফোন। কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া অনেক সময় বড় ঝামেলার কারণ হয়। ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে ব্যবহারকারীরা নানা উপায় খোঁজেন। তবে এখনো অনেক ভুল ধারণার প্রচলন রয়েছে, যেগুলো আসলে ব্যাটারির ক্ষতি করছে। আধুনিক স্মার্টফোনে এসব পুরনো ধারণা এখন আর প্রযোজ্য নয়। বরং ফোনের ভেতরের প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবেই ব্যাটারিকে সুরক্ষিত রাখে।
চার্জ পুরো শেষ করা ঠিক নয়
প্রথম প্রচলিত ভুল ধারণা হলো, ফোনের চার্জ পুরোপুরি শেষ না হলে ব্যাটারির ক্ষতি হয়। এ ধারণা এসেছে পুরনো নিকেল-ক্যাডমিয়াম ব্যাটারির সময় থেকে, যেগুলোয় ‘মেমরি ইফেক্ট’ ছিল। কিন্তু আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। এগুলো বারবার পুরোপুরি শেষ হলে উল্টো ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাটারির জন্য সবচেয়ে ভালো চার্জ থাকে ২০-৮০ শতাংশের মধ্যে। তবে চাইলে শতভাগ পর্যন্ত চার্জ করা যায়, তাতেও কোনো সমস্যা হয় না।
রাতভর চার্জে রাখলে ক্ষতি হয় না
দ্বিতীয় ভুল ধারণা হলো, রাতে চার্জে রেখে দিলে ব্যাটারি নষ্ট হয়। বাস্তবে আধুনিক ফোনে চার্জ পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেয়া বন্ধ হয়ে যায়। অনেক ফোনে আবার চার্জ অপটিমাইজেশন ব্যবস্থা থাকে, যা ব্যবহারকারীর ঘুমের সময় ধীরে চার্জ দেয় ও সকাল নাগাদ শতভাগ পূর্ণ করে। এ ব্যবস্থা শুধু ফোন নয়, ল্যাপটপ ও অন্যান্য স্মার্ট ডিভাইসেও রয়েছে। তাই রাতভর চার্জে রাখলে কোনো ঝুঁকি নেই।
দ্রুত চার্জে ব্যাটারির ক্ষতি হয় না
তৃতীয় প্রচলিত ধারণা হলো, দ্রুত চার্জ করলে ব্যাটারি নষ্ট হয়। অনেকে মনে করেন, বেশি শক্তি ব্যাটারিতে গেলে তা গরম হয়ে ক্ষতি করে। কিন্তু আধুনিক ফোন ও চার্জারের মধ্যে সুরক্ষা ব্যবস্থা থাকে, যা তাপমাত্রা, ভোল্টেজ ও বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। ব্যাটারি অতিরিক্ত গরম হলে ফোন নিজেই দ্রুত চার্জ নেয়া বন্ধ করে দেয়। ফলে দ্রুত চার্জ করা নিরাপদ ও সুবিধাজনকও।
অ্যাপ বন্ধ করলে ব্যাটারি সাশ্রয় হয় না
চতুর্থ ভুল ধারণা হলো, ফোনের পেছনে চলমান অ্যাপ বন্ধ করলে ব্যাটারি বাঁচে। বাস্তবে ফোনের মেমোরি ব্যবস্থাপনা নিজে থেকেই অ্যাপ নিয়ন্ত্রণ করে। অ্যাপ বন্ধ করলে ফোনকে আবার নতুন করে মেমোরিতে লোড করতে হয়, যা বেশি শক্তি খরচ করে। এতে ফোন ধীরগতির হয়ে যায়, গরমও হতে পারে। তাই এভাবে বারবার অ্যাপ বন্ধ করলে উল্টো বেশি ব্যাটারি ক্ষয় হয়।
তারবিহীন চার্জে ব্যাটারির ক্ষতি হয় না
পঞ্চম ভুল ধারণা হলো, তারবিহীন চার্জে ব্যাটারি নষ্ট হয়। চার্জ দেয়ার সময় ফোন গরম হলে অনেকেই মনে করেন এতে ক্ষতি হচ্ছে। তাপ উৎপন্ন হওয়া আসলে স্বাভাবিক প্রক্রিয়া। ফোনের সুরক্ষা ব্যবস্থা প্রয়োজনে চার্জ ধীর করে দেয় বা বন্ধ করে দেয়। সমস্যা হয় মূলত নকল চার্জার ব্যবহার করলে, মোটা কেসের কারণে তাপ আটকে গেলে বা চার্জারের কয়েল ফোনের কয়েলের সঙ্গে সঠিকভাবে না মেলালে। নতুন প্রযুক্তির তারবিহীন চার্জারে যেমন কিউ-টু বা ম্যাগসেফ, এসব সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। ফলে এখন তারবিহীন চার্জ আগের তুলনায় অনেক কার্যকর।
স্মার্টফোনের ব্যাটারি সুরক্ষিত নয়
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের ব্যাটারির সীমিত চার্জ চক্র থাকে। সময়ের সঙ্গে এর সক্ষমতা কিছুটা কমবে। তবে তা কয়েক বছর ধরে ধীরে ধীরে ঘটে।
তাই ব্যাটারি সুরক্ষায় আলাদা কিছু করার প্রয়োজন নেই। ফোন নিজেই ব্যাটারি রক্ষার মতো প্রযুক্তি দিয়ে তৈরি। ফলে স্বাভাবিকভাবে ব্যবহার ও চার্জ দিলেই দীর্ঘ সময় ফোন ব্যবহার করা সম্ভব।
তাই রাতে ফোন চার্জে রেখে দেয়া কিংবা ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করার মতো অভ্যাস আসলে তেমন কোনো কাজে দেয় না। বরং এগুলো অনেক ক্ষেত্রে ক্ষতিই ডেকে আনে। ফোনের ভেতরের সুরক্ষা ব্যবস্থা ব্যাটারিকে দীর্ঘ সময় কার্যকর রাখে। তাই পুরনো ভুল ধারণার চেয়ে আধুনিক প্রযুক্তির ওপর ভরসা করাই যুক্তিসংগত। —মেকইউজঅব অবলম্বনে