সূর্যের আলোয় চার্জ হবে লেনোভোর নতুন পিসি

ইয়োগা সিরিজে নতুন সংযোজন হিসেবে সৌরবিদ্যুচ্চালিত একটি ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে লেনোভো।

ইয়োগা সিরিজে নতুন সংযোজন হিসেবে সৌরবিদ্যুচ্চালিত একটি ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে লেনোভো। ইয়োগা সোলার পিসি নামে ডিভাইসটির প্রধান আকর্ষণ হলো সোলার প্যানেলযুক্ত লিড, যা সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ কররে সক্ষম। গত সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে চীনা টেক জায়ান্টটি।

লেনোভোর তথ্যানুযায়ী, নতুন ল্যাপটপের লিডে একটি সৌর প্যানেল সংযুক্ত থাকবে। ফলে চালু কিংবা বন্ধ থাকা অবস্থায় এটি যেকোনো উৎস থেকে আলো ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে পারবে।

চীনা টেক জায়ান্টটি বলছে, ইয়োগা সোলার কম্পিউটারের আলো শোষণকারী প্যানেলটি ব্যাক কন্টাক্ট সেল ডিজাইনে ৮৪টি সৌরকোষ দিয়ে তৈরি। প্যানেলের শক্তি সংগ্রহকারী ও স্থানান্তরকারী মাউন্টিং ব্র্যাকেট সৌরকোষের পেছনে অবস্থিত। প্যানেলের সামনের অংশটি আরো বেশি আলো ধারণ করতে সক্ষম। এটি যে পরিমাণ সূর্যের আলো গ্রহণ করে, তার ২৪ শতাংশ ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তর করতে পারে। মাত্র ২০ মিনিটে সূর্যের আলোয় ব্যাটারি রিচার্জ করে অন্তত ১ ঘণ্টা পর্যন্ত ভিডিও চালানো সম্ভব। তবে কম আলোয় এটি কতটা কার্যকর হবে, সে বিষয়টি এখনো পরীক্ষা চলছে।

সাম্প্রতিক সময়ে কনজিউমার ইলেকট্রনিকসে ব্যবহৃত বেশির ভাগ সিলিকনভিত্তিক সৌর প্যানেলের তুলনায় এ ইয়োগা সোলার কম্পিউটার বেশি দক্ষ বলে দাবি লেনোভোর।

৩২ জিবি র‍্যাম ও এক টেরাবাইট স্টোরেজের ইয়োগা সোলার ল্যাপটপটির পুরুত্ব ১৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২ দশমিক ২৯ পাউন্ড। সেই সঙ্গে এতে ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে রয়েছে। ব্যবহারকারীরা যাতে ঘরের ভেতরে বা বাইরে আলোর সর্বোত্তম সুবিধা নিতে পারে তা নিশ্চিত করতে ল্যাপটপে লেনোভোর ডায়নামিক সোলার ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যারও থাকবে। যেন বোঝা যায় সৌর প্যানেল কতটা বিদ্যুৎ ও ভোল্টেজ উৎপন্ন করছে।

প্রযুক্তিবিদরা বলছেন, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি গুরুত্ব দিয়ে তৈরি এ ল্যাপটপ সৌরশক্তির মাধ্যমে কাজ করবে, যা ভবিষ্যতে ল্যাপটপের বিদ্যুৎ নির্ভরতা কমিয়ে আনতে পারে।

এর আগে ২০২৩ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ষষ্ঠ প্রজন্মের থিংক বুক প্লাসের রোলেবল ওএলইডি ডিসপ্লেসহ ল্যাপটপটির ধারণা প্রথম উপস্থাপন করেছিল লেনোভো। ২০২৫ সালের জুন থেকে ৩ হাজার ৪৯৯ ডলারের মধ্যে ল্যাপটপটি পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও