গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদন

২০৩০ সালের মধ্যে এআই ডাটা সেন্টারগুলোয় বিদ্যুতের ব্যবহার বাড়বে ১৬০%

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডাটা সেন্টারগুলো আগামী দশকে বিশ্বব্যাপী বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডাটা সেন্টারগুলো আগামী দশকে বিশ্বব্যাপী বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। গোল্ডম্যান স্যাকসের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে এ ডাটা সেন্টারগুলোর বিদ্যুতের ব্যবহার ১৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা বৈশ্বিক বিদ্যুৎ খাতে বড় ধরনের প্রভাব ফেলবে। খবর ইকোনমিক টাইমস।

প্রায় এক দশক ধরে বৈশ্বিক বিদ্যুৎ চাহিদা স্থির ছিল। কিন্তু এআই-ভিত্তিক ডাটা সেন্টারের উদ্ভাবনের পর থেকে এ চিত্র পরিবর্তন হচ্ছে। এ ধরনের ডাটা সেন্টারগুলোয় উন্নত কম্পিউটিং সিস্টেম পরিচালনার জন্য অনেক বৈদ্যুতিক শক্তি খরচ হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনই একমাত্র সমাধান নয়। বরং উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করাও বড় চ্যালেঞ্জ। নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু করতে সময় লাগে, কারণ সংযোগ ও ট্রান্সমিশন ব্যবস্থায় জটিলতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বেশির ভাগ ডাটা সেন্টারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়, যা সহজলভ্য। তবে নতুন গ্যাসভিত্তিক প্লান্ট তৈরি করতে অনুমোদন, ট্রান্সমিশন ও সরবরাহ চেইনের সমস্যা থাকে। বিশেষ করে গ্যাস টারবাইনের মতো সরঞ্জাম সরবরাহে বিলম্বের কারণে নতুন প্লান্ট চালু হতে প্রায় পাঁচ-সাত বছর সময় লাগে।

গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, ডাটা সেন্টারের বিদ্যুৎ চাহিদার প্রায় ৬০ শতাংশই নতুন শক্তি উৎপাদনের মাধ্যমে পূরণ করতে হবে। এ নতুন ক্ষমতার মধ্যে ৩০ শতাংশ আসবে কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন থেকে, ৩০ শতাংশ গ্যাস পিকার প্লান্ট থেকে, ২৭ দশমিক ৫ শতাংশ সৌরশক্তি থেকে এবং ১২ দশমিক ৫ শতাংশ বায়ুশক্তি থেকে।

যদিও প্রাকৃতিক গ্যাস প্রধান উৎস হিসেবে থাকবে, তবুও নবায়নযোগ্য শক্তি যেমন সৌর ও বায়ুশক্তির গুরুত্ব বাড়বে। এগুলো দ্রুত স্থাপনযোগ্য ও কার্যকরি, যা এআই ডাটা সেন্টার পরিচালনার জন্য জরুরি বিদ্যুৎ সরবরাহ করতে সাহায্য করবে।

প্রযুক্তি সংস্থাগুলোও মিশ্র পদ্ধতি গ্রহণ করছে। তারা স্বল্পমেয়াদি বিদ্যুৎ চাহিদা মেটাতে বিভিন্ন শক্তির সংমিশ্রণ করছে এবং দীর্ঘমেয়াদে পারমাণবিক শক্তির মতো বিকল্পে বিনিয়োগ করছে। প্রযুক্তি জায়ান্টরা সরাসরি প্লান্ট নির্মাণের ঝুঁকি এড়াতে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) ব্যবহার করছে।

উদাহরণস্বরূপ, অ্যালফাবেট সম্প্রতি এলিমেন্টাল পাওয়ারের সঙ্গে তিনটি সাইটে উন্নত পারমাণবিক বিদ্যুতের প্রস্তুতি নেয়ার চুক্তি করেছে। এটি নির্দেশ করছে, বড় প্রযুক্তি কোম্পানিগুলো ভবিষ্যতে এআই পরিচালনার জন্য স্থায়ী ও নির্ভরযোগ্য শক্তি নিশ্চিত করতে চাইছে।

ভবিষ্যতে এআই নির্ভরতা দ্রুত বৃদ্ধি পাবে, যা বৈশ্বিকভাবে ডাটা সেন্টারের বিদ্যুৎ চাহিদাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ধরন বদলে দিতে পারে।

আরও