ইন্টারনেট জগতে ফিশিং ও স্প্যাম শব্দ দুটির সঙ্গে কম-বেশি অনেকেই পরিচিত। অনলাইনভিত্তিক প্রতারণা বোঝাতে শব্দ দুটি একে অন্যের স্থানে ব্যবহার করতে দেখা যায় অনেককেই, যদিও এগুলোর প্রকৃতি একেবারেই আলাদা।
এক কথায় বললে, ফিশিং হলো একটি প্রতারণামূলক প্রচেষ্টা, যেখানে আক্রমণকারী ব্যবহারকারীর গোপনীয় তথ্য চুরি করতে চায়। আর স্প্যাম হলো অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় ই-মেইল বা বার্তা, যা সাধারণত বিজ্ঞাপনমূলক হয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবের মতে ফিশিং ও স্প্যামের পার্থক্য জানাটা গুরুত্বপূর্ণ, কারণ দুটি ক্ষেত্রে ব্যক্তির করণীয় ভিন্ন হবে—
পার্সোনালাইজেশন ও উদ্দেশ্য
ফিশিং ও স্প্যাম ই-মেইলগুলোর উদ্দেশ্য ও পার্সোনালাইজেশনে বেশ পার্থক্য থাকে। এসব পার্থক্য বুঝতে পারা গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্যবহারকারীকে অনলাইনে নিরাপদ রাখতে সাহায্য করবে।
স্প্যাম ই-মেইলগুলো সাধারণত একসঙ্গে অনেক ব্যক্তিকে পাঠানো হয়। এর উদ্দেশ্য থাকে কোনো পণ্য বা সেবা বিক্রি করা। এগুলো সাধারণত নিউজলেটার বা প্রমোশন আকারে আসে। অন্যদিকে ফিশিং ই-মেইল মূলত ক্ষতি করা ও প্রতারণার উদ্দেশ্যে পাঠানো হয়। এসব ই-মেইল এমনভাবে প্ররোচিত করে যেন ব্যক্তি তার গোপন তথ্য, যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর তাদের দিয়ে দেন। এসব ই-মেইল সাধারণত কাস্টমাইজ করা হয় এবং এগুলো ব্যক্তির ব্যবহার করা পরিষেবার ছদ্মবেশ ধারণ করতে পারে, যেমন ব্যক্তির নাম ব্যবহার করা বা তার ব্যাংক বা জনপ্রিয় ওয়েবসাইট হওয়ার ভান করা। এর উদ্দেশ্য সাধারণত ব্যক্তির অর্থ ও তথ্য চুরি করা।
কনটেন্ট ও ব্যাকরণগত সঠিকতা
ফিশিং ই-মেইলে প্রায়ই ভুল বানান ও ব্যাকরণের দুর্বল ব্যবহার দেখা যায়, যদিও সবসময় তা নাও হতে পারে। আগে অশুদ্ধ ব্যাকরণ ছিল ফিশিং ই-মেইল শনাক্ত করার একটি সহজ উপায়, কিন্তু বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ফলে অনেক ফিশিং ই-মেইল বেশ পেশাদার মনে হয়। তবে এআই ব্যবহার সত্ত্বেও অনেক ফিশিং ই-মেইলে ছোটখাটো ভুল বা অদ্ভুত শব্দ ব্যবহার থেকে যায়। অন্যদিকে স্প্যাম ই-মেইল সাধারণত সঠিক ব্যাকরণ ও বানানে লেখা হয়। এগুলো যেন বৈধ দেখা যায়, সেভাবেই ডিজাইন করা হয়। এছাড়া পণ্য বা পরিষেবা প্রচারের জন্য প্রায়ই প্ররোচক ভাষা ব্যবহার করা হয়।
ই-মেইলে লিংক
ফিশিং ও স্প্যাম ই-মেইলে লিংক ব্যবহার করার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। ফিশিং ই-মেইলে অনেক সময় এমন লিংক থাকে যার সঙ্গে প্রচার করা পণ্য বা পরিষেবার কোনো সম্পর্ক নেই। যেমন অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত লিংকের ওপর হোভার করলে একটি সম্পূর্ণ ভিন্ন ওয়েবসাইট দেখায়। এ ধরনের লিংকে কখনই ক্লিক করা যাবে না। এগুলো খোলার মাধ্যমে ব্যক্তির ডিভাইসে ম্যালওয়্যার বা ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। অন্যদিকে স্প্যাম ই-মেইলে সাধারণত বৈধ লিংক থাকে, যা প্রকৃত পণ্য বা পরিষেবার ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। যদিও এসব লিংক ফিশিং লিংকের মতো বিপজ্জনক নয়। তবে এগুলো প্রায়ই এমন কিছু বিক্রির জন্য ডিজাইন করা হয়, যা ব্যক্তির প্রয়োজনীয় নাও হতে পারে।
ঝুঁকির মাত্রা
ফিশিং ও স্প্যাম ই-মেইলের ঝুঁকির মাত্রা একেবারেই আলাদা। স্প্যাম সাধারণত বিরক্তি সৃষ্টি করে, কিন্তু গুরুতর ঝুঁকি তৈরি করে না। যদিও এসব ই-মেইল অনেক সময় অপ্রয়োজনীয় পণ্য বা পরিষেবা বিক্রির চেষ্টা করে, কিন্তু এগুলো ক্ষতি করার উদ্দেশ্যে আসে না। তবে প্রযুক্তিবিদদের মতে, স্প্যাম ই-মেইলে প্রচারিত পণ্য ব্যবহার না করাই ভালো। কারণ এগুলো প্রায়ই ফলপ্রসূ হয় না। অন্যদিকে ফিশিং ই-মেইল অনেক বেশি বিপজ্জনক। কারণ এগুলো পরিচয় চুরি, আর্থিক ক্ষতি বা আরো গুরুতর পরিণতির কারণ হতে পারে। তাই উভয় ক্ষেত্রেই সুরক্ষিত থাকতে সতর্ক থাকা জরুরি।