ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় যে ৫ অ্যাপ

বর্তমান যুগে প্রতিটি কাজই ইন্টারনেট বা ডেটার ওপর নির্ভরশীল। স্মার্টফোন থেকে শুরু করে ঘরবাড়ির স্মার্ট ডিভাইস—সবকিছুই ইন্টারনেটের মাধ্যমে চলে।

বর্তমান যুগে প্রতিটি কাজই ইন্টারনেট বা ডেটার ওপর নির্ভরশীল। স্মার্টফোন থেকে শুরু করে ঘরবাড়ির স্মার্ট ডিভাইস—সবকিছুই ইন্টারনেটের মাধ্যমে চলে। তবে ভ্রমণের সময় বা নেটওয়ার্কের সমস্যার কারণে বিপাকে পড়তে হয় অনেক সময়। মজার বিষয় হলো, স্মার্টফোনে থাকা বেশকিছু জনপ্রিয় অ্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়াই চমৎকারভাবে কাজ করতে পারে। এমনকি জনপ্রিয় অনেক অ্যাপের এমন সব অফলাইন ফিচার রয়েছে যা সচরাচর ব্যবহার করা হয় না। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্ল্যাশগিয়ারের এক প্রতিবেদনে এমন পাঁচটি অ্যাপের কথা জানানো হয়েছে, যা অফলাইনেও গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে সক্ষম। এ তালিকায় রয়েছে ব্রাউজার থেকে শুরু করে পেমেন্ট ও সিকিউরিটি অ্যাপও। সেই অ্যাপগুলো নিয়েই এখানে আলোচনা করা হলো—

গুগল ক্রোম ও ব্রাউজার

সাধারণত অনেকে মনে করেন ব্রাউজার মানেই ইন্টারনেট। কিন্তু গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজার অফলাইনেও অনেক কাজ করতে পারে। ইন্টারনেট সংযোগ না থাকলেও এটি দিয়ে পডকাস্ট শোনা যায় বা কম্পিউটারে থাকা ভিডিও দেখা যায়। এছাড়া পিডিএফ ফাইল পড়া বা টেক্সট ফাইল এডিট করার ক্ষেত্রেও ক্রোম দারুণ কার্যকর। অনেক সময় কোডিং করার ক্ষেত্রেও অফলাইনে ব্রাউজার ব্যবহার করা হয়।

স্পটিফাই

গান শোনার জন্য স্পটিফাই এখন সারা বিশ্বে সমাদৃত। যদিও এটি একটি স্ট্রিমিং সেবা, তবে এর অফলাইন ফিচারটি অত্যন্ত শক্তিশালী। প্রিমিয়াম গ্রাহকরা প্রায় ১০ হাজার গান ডাউনলোড করে রাখতে পারেন, যা দিয়ে দীর্ঘ বিমান ভ্রমণ বা ইন্টারনেটহীন এলাকায় অনায়াসেই গান শোনা সম্ভব। এছাড়া ফোনের মেমোরিতে থাকা গানগুলোও এ অ্যাপের মাধ্যমে প্লে করা যায়।

গুগল ও অ্যাপল ওয়ালেট

স্মার্টফোনের মাধ্যমে কেনাকাটার জন্য গুগল বা অ্যাপল ওয়ালেট এখন বেশ জনপ্রিয়। অনেকেই জানেন না যে দোকানে গিয়ে পেমেন্ট করার সময় ফোনের ইন্টারনেটের প্রয়োজন হয় না। এ অ্যাপগুলো এনএফসি প্রযুক্তি ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করে। ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য ফোনে সুরক্ষিত থাকে বলে কোনো ডেটা সংযোগ ছাড়াই লেনদেন করা সম্ভব। এছাড়া কনসার্টের টিকিট বা বোর্ডিং পাসও অফলাইনে প্রদর্শন করা যায়।

কিন্ডেল

বইপ্রেমীদের জন্য কিন্ডেল একটি অপরিহার্য অ্যাপ। একবার বই ডাউনলোড হয়ে গেলে সেটি পড়ার জন্য আর ইন্টারনেটের প্রয়োজন হয় না। দীর্ঘ ভ্রমণে কয়েকশ বই সঙ্গে রাখার চেয়ে একটি কিন্ডেল অ্যাপই যথেষ্ট। অফলাইনে বই পড়ার সময় কোনো লাইন হাইলাইট করলে বা নোট লিখলে পরবর্তী সময়ে ইন্টারনেট সংযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি স্বয়ংক্রিয়ভাবে সিংক হয়ে যায়।

গুগল অথেন্টিকেটর

অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (টু এফএ) অত্যন্ত জরুরি। গুগল অথেন্টিকেটর অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে কাজ করে। এটি নির্দিষ্ট অ্যালগরিদম ব্যবহার করে প্রতি ৩০ সেকেন্ড পরপর কোড তৈরি করে। যেহেতু এ প্রক্রিয়া ফোনের ভেতরেই সম্পন্ন হয়, তাই কোড পাওয়ার জন্য কোনো নেটওয়ার্ক বা সিম কার্ডের সিগন্যালের প্রয়োজন হয় না। এটি এসএমএস-ভিত্তিক কোডের চেয়ে অনেক বেশি নিরাপদ। —স্ল্যাশগিয়ার অবলম্বনে

আরও