বছরে ৩০ লাখ ডলার মূল বেতন পাবেন অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস। এর বাইরে কর্মদক্ষতার ভিত্তিতে আর্থিক পুরস্কার বা ইক্যুইটি অ্যাওয়ার্ডও পাবেন তিনি। সব মিলিয়ে ২০২৭ অর্থবছরে টার্নাসের মোট পারিশ্রমিক দাঁড়াতে পারে প্রায় ৫ কোটি ৮০ লাখ ডলারে।
অ্যাপলের নির্বাহী নেতৃত্বে পরিবর্তনের পর টার্নাস ও বিদায়ী সিইও টিম কুকের পারিশ্রমিক কাঠামো প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) দাখিল করা নথিতে এসব তথ্য জানায় অ্যাপল।
নথি অনুযায়ী, ২০২৬ অর্থবছরের বাকি সময়ের জন্য টার্নাসকে ২৫ লাখ ডলারের সীমিত শেয়ার ইউনিট (রেস্ট্রিক্টেড স্টক ইউনিট) দেয়া হয়েছে। এরপর ২০২৭ অর্থবছরের জন্য তার বার্ষিক পারিশ্রমিকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৫০ লাখ ডলার, যার ৭৫ শতাংশ কর্মদক্ষতাভিত্তিক।
অ্যাপলের নেতৃত্বে পরিবর্তনের মধ্য দিয়ে টার্নাস প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন গতকাল। অন্যদিকে টিম কুক সিইওর পদ থেকে সরে নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কৌশলগত কাজে যুক্ত হয়েছেন। খবর রয়টার্স