‘ঝুঁকিপূর্ণ ২০২৫’

কর্মীদের প্রস্তুতি নিতে বললেন সুন্দর পিচাই

ক্রমবর্ধমান প্রতিযোগিতা, নিয়ন্ত্রণমূলক আইনের বাধা ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে টেক জায়ান্ট গুগলকে।

ক্রমবর্ধমান প্রতিযোগিতা, নিয়ন্ত্রণমূলক আইনের বাধা ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে টেক জায়ান্ট গুগলকে। কোম্পানিটির জন্য আগামী বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে অভিমত গুগল সিইও সুন্দর পিচাইয়ের। গত সপ্তাহে এক বৈঠকে ঝুঁকি সামলানোর জন্য কর্মীদের প্রস্তুতিও নিতে বলেছেন তিনি। খবর সিএনবিসি।

আগামী বছর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) খাতে আসন্ন অগ্রগতি নিয়ে কর্মীদের জানান সুন্দর পিচাই। তিনি বলেন, ‘২০২৫ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হবে। ২০২৫ সালে আমাদের অবশ্যই প্রযুক্তির সুবিধাগুলো উন্মোচন ও প্রকৃত ব্যবহারকারীদের সমস্যার সমাধানে মনোনিবেশ করতে হবে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইতিহাসে সবচেয়ে চাপের বছর পার করছে গুগল। সার্চ অ্যাডস ও ক্লাউডের মতো খাতে আয় বাড়লেও গুগলের মূল বাজারগুলোয় প্রতিযোগিতা বেড়েছে। কোম্পানি অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলায় পিচাইয়ের ভবিষ্যৎ কৌশল কী হতে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে নিয়ন্ত্রণমূলক আইনের চাপ বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

গত আগস্টে মার্কিন এক বিচারক রায় দেন, গুগল সার্চ মার্কেটে অবৈধভাবে একচেটিয়া দখল বজায় রেখেছে। গত মাসে মার্কিন বিচার বিভাগ গুগলকে তার ক্রোম ইন্টারনেট ব্রাউজার ইউনিট আলাদা করার নির্দেশ দেয়ার আহ্বান জানায়।

পৃথক একটি মামলায় মার্কিন বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে অনলাইনে বিজ্ঞাপনে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করার অভিযোগ এনেছে। মামলাটির বিচার প্রক্রিয়া গত সেপ্টেম্বরে শেষ হয়েছে। শিগগিরই এর রায় ঘোষণা করা হতে পারে।

একই সময় ব্রিটেনের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে আপত্তি জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। নিয়ন্ত্রক সংস্থাটি প্রাথমিকভাবে জানিয়েছে, গুগলের কার্যকলাপ যুক্তরাজ্যের প্রতিযোগিতার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।

এ প্রসঙ্গে সুন্দর পিচাই বলেন,”‘আমার কাছে এটি অজানা নয় যে আমরা সারা বিশ্বে তদন্তের মুখোমুখি হচ্ছি। এটি আমাদের আকার ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তি এখন বৃহৎ পরিসরে সমাজকে প্রভাবিত করছে। এই সময়ে আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা বিভ্রান্ত না হই।’”

আরও