২০২৪ সালের সর্বাধিক বিক্রীত স্মার্টফোন আইফোন ১৫

বিশ্বের স্মার্টফোন বাজারে আধিপত্য ধরে রেখেছে অ্যাপল। ২০২৪ সালে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আইফোন ১৫।

বিশ্বের স্মার্টফোন বাজারে আধিপত্য ধরে রেখেছে অ্যাপল। ২০২৪ সালে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আইফোন ১৫। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের গ্লোবাল হ্যান্ডসেট মডেল সেলস ট্র্যাকারে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৫ বিশ্বব্যাপী বিক্রির দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। একই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স এবং আইফোন ১৫ প্রো।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালে বাজারে আসার কয়েক মাসের মধ্যেই আইফোন ১৬ প্রো ম্যাক্স বিক্রির দিক থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। এর বাইরে চতুর্থ ও ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফাইভজি ও গ্যালাক্সি এ১৫ ফোরজি।

শীর্ষ দশের তালিকায় অ্যাপল ও স্যামসাং ছাড়া অন্য কোনো ব্র্যান্ড জায়গা করে নিতে পারেনি। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস২৪ আল্ট্রা তালিকার সপ্তম স্থানে রয়েছে। অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ড শীর্ষ দশের তালিকায় জায়গা করে নিতে পারেনি।

প্রযুক্তি বিশ্লেষরা বলছেন, আইফোন ১৫ মডেলে আগের সংস্করণের তুলনায় বেশকিছু উন্নত ফিচার রয়েছে। এতে রয়েছে ডায়নামিক আইল্যান্ডসহ নতুন ধরনের ডিসপ্লে, ইউএসবি-সি পোর্ট, ৪৮ মেগাপিক্সেলের উচ্চ রেজল্যুশনের ক্যামেরা ও নতুন কালার অপশন। এছাড়া বছরের শেষ দিকে আইফোন ১৫-এর মূল্যছাড়ও এর জনপ্রিয়তা বাড়িয়েছে। যদিও এতে অ্যাপল ইন্টেলিজেন্সের কোনো সুবিধা নেই। তবুও এটি বিক্রির শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে বিক্রির সংখ্যা উল্লেখ না থাকলেও জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন স্মার্টফোনের চাহিদা ২০২৪ সালে অনেক বেশি ছিল। বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টে শীর্ষ দশের মধ্যে পাঁচটি স্মার্টফোন কোনো না কোনোভাবে এআই সুবিধা যুক্ত করেছে, যা বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর আগে গত বছরের তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকার শীর্ষস্থান দখলে ছিল অ্যাপলের আইফোন ১৫-এর।

আরও