কম্পিউটার কিংবা টিভির ইউএসবি পোর্টের ব্যবহার সম্পর্কে অনেকেরই জানা আছে। কিন্তু বাসার রাউটারের পেছনে থাকা ইউএসবি পোর্ট আসলে কোথায় ব্যবহার হয়, তা নিয়ে প্রায় সবারই প্রশ্ন থাকে। বেশির ভাগ মানুষ জানেই না এ সাধারণ পোর্টটি কত ধরনের কাজে লাগতে পারে। একটি ফ্ল্যাশ ড্রাইভ বা ডিভাইস প্লাগ ইন করে রাউটারকে বানানো যায় মিডিয়া হাব, ব্যাকআপ সার্ভার বা এমনকি ব্যক্তিগত ক্লাউড স্টোরেজও।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এমইউও সম্প্রতি এমন পাঁচটি ব্যবহার তুলে ধরেছে, যেগুলোর মাধ্যমে রাউটারের ইউএসবি পোর্টের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়
রাউটারকে বানান ক্লাউড স্টোরেজ বা নেটওয়ার্ক স্টোরেজ
ফাইল শেয়ার করতে বারবার ই-মেইল পাঠানো, ফ্ল্যাশ ড্রাইভ বদলানো বা ক্লাউড স্টোরেজ ব্যবহারের বদলে চাইলে রাউটারকেই ব্যক্তিগত ক্লাউডে রূপান্তর করা যায়। এর জন্য শুধু একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা হার্ডড্রাইভ রাউটারের ইউএসবি পোর্টে লাগালেই হবে। রাউটার এটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে সে স্টোরেজ ব্যবহারযোগ্য করে তোলে। এরপর কম্পিউটার, ফোন বা ট্যাবলেট থেকে সহজেই ওই ফাইলগুলো ব্যবহার করা যাবে। এটি একদিকে যেমন ফ্রি ও সম্পূর্ণ ব্যক্তিগত, অন্যদিকে বড় ফাইল আদান-প্রদানেও অনেক দ্রুত।
অটোমেটিক ব্যাকআপ করুন সহজেই
অনেকেই নিয়মিত ডিভাইস ব্যাকআপ নেয়ার গুরুত্ব বুঝলেও তা করেন না। এ সমস্যার সমাধান হতে পারে রাউটারের ইউএসবি পোর্ট। একটি এক্সটারনাল হার্ডড্রাইভ যুক্ত করলেই সেটি হয়ে উঠবে ব্যাকআপ স্টোরেজ। কিছু রাউটারে ব্যাকআপ ম্যানেজমেন্ট টুলও থাকে। আবার উইন্ডোজ ফাইল হিস্টোরির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ নেয়াও সম্ভব।
পুরনো প্রিন্টারকে বানান ওয়্যারলেস
অনেক বাসা বা অফিসেই এখনো ইউএসবি ক্যেবলের পুরনো প্রিন্টার ব্যবহার হয়। এসব প্রিন্টার একটি নির্দিষ্ট কম্পিউটারের সঙ্গেই সংযুক্ত থাকে। কিন্তু রাউটারের ইউএসবি পোর্টে যুক্ত করলে সেটি হয়ে উঠবে নেটওয়ার্ক প্রিন্টার। রাউটারের সেটিংসে গিয়ে প্রিন্টার শেয়ারিং চালু করলেই বাসার সবাই একই নেটওয়ার্কে থেকে প্রিন্ট করতে পারবে।
ছোট ছোট ডিভাইস চার্জ
রাউটারের ইউএসবি পোর্ট থেকে শক্তি কম মিললেও স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন, মাউস কিংবা ফিটনেস ট্র্যাকার চার্জ দেয়ার জন্য এটি ব্যবহার করা যায়। যদি ল্যাপটপ বা কম্পিউটারের সব পোর্ট ব্যস্ত থাকে কিংবা অ্যাডাপ্টার না থাকে, তখন এটি হতে পারে কার্যকর সমাধান।
মিডিয়া সার্ভার চালু করুন বাসায়
রাউটার যদি ডিএলএনএ বা অন্য কোনো মিডিয়া শেয়ারিং প্রটোকল সমর্থন করে, তাহলে এটি মিডিয়া সার্ভার হিসেবেও কাজ করতে পারে। ইউএসবি ড্রাইভে গান, ছবি বা সিনেমা রেখে রাউটারে লাগিয়ে দিলেই টিভি, গেমিং কনসোল বা মোবাইলে সহজে সে ফাইল স্ট্রিম করা যাবে।
সাধারণত রাউটারে একটি বা দুটি ইউএসবি পোর্ট থাকে, তাই একসঙ্গে সব সুবিধা ব্যবহার করা সম্ভব নয়। তবে এর যেকোনো একটি-দুটি ফিচার কাজে লাগালেও রাউটারের অনেক উপকারী ও অজানা ক্ষমতা কাজে লাগানো সম্ভব।