সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে জাতীয় পর্যায়ে নতুন আচরণবিধি প্রণয়ন করেছে ভিয়েতনাম সরকার। নতুন বিধি অনুযায়ী অধিবাসীদের দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশ সম্পর্কে ইতিবাচক পোস্ট প্রদানের আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে উচ্চপর্যায়ে বিরোধপূর্ণ কোনো বিষয়ে অভিযোগ দাখিল করতে হলে সরকারি কর্মকর্তার মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। খবর রয়টার্স।
নতুন এ আচরণবিধিতে দেশের স্বার্থের জন্য ক্ষতিকর এবং আইনের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ আচরণবিধি সরকারি সব প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের অধিবাসীদের মেনে চলতে হবে বলেও জানানো হয়।
আচরণবিধিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনযাপন, সংস্কৃতি সম্পর্কে ইতিবাচক তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে। তবে নতুন এ আচরণবিধি কীভাবে প্রয়োগ করা হবে সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।
ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট দল খুব কম সমালোচনা গ্রহণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখে। গত কয়েক বছরে ফেসবুক ও ইউটিউবে সরকারবিরোধী বক্তব্য বা কন্টেন্ট প্রকাশের কারণে ক্ষমতাসীন দল আন্দোলনকারীদের কঠোর হস্তে দমন করেছে। যাদের অনেকেই এখনো দীর্ঘমেয়াদে কারাভোগ করছে বলে জানা গেছে।
ভিয়েতনামের রাজনীতি নিয়ে আঞ্চলিক পর্যায়ে যেসব পোস্ট প্রদান করা হতো সেগুলো বন্ধে সরকারি সিদ্ধান্ত না মানা হলে ফেসবুক বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছিল ভিয়েতনাম সরকার।