অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে পাসওয়ার্ড ম্যানেজার একটি কার্যকর টুল। এটি শুধু পাসওয়ার্ড সংরক্ষণ করতেই নয়, বরং আরো বেশকিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যায়। অনেক ব্যবহারকারীই জানেন না যে পাসওয়ার্ড ম্যানেজার নিরাপদ নোট সংরক্ষণ, পেমেন্ট তথ্য সুরক্ষিত রাখা, পরিচয়পত্র সংরক্ষণ ও দুই স্তরের নিরাপত্তা (টু ফ্যাক্টর অথেন্টিকেটর) ব্যবহারে সহায়ক হতে পারে।
বিশেষ করে বিটওয়ারডেন ও ওয়ানপাসওয়ার্ডের মতো জনপ্রিয় ম্যানেজার এসব সুবিধা প্রদান করে, যা ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তাকে আরো শক্তিশালী করে তোলে। এগুলো ছাড়াও পাসওয়ার্ড ম্যানেজারের আরো কিছু ব্যবহার রয়েছে, যা প্রতিদিনের জীবনকে সহজ ও নিরাপদ করতে পারে—
নিরাপদ নোট তৈরি
সেরা নোট-টেকিং অ্যাপগুলোর মধ্যে কোনোটি যদি পছন্দ না হয় তাহলে পাসওয়ার্ড ম্যানেজারে নোট সংরক্ষণ করা যায়। বিটওয়ারডেন ও ওয়ানপাসওয়ার্ডের মতো অনেক টুলসে নিরাপদ নোট তৈরি করার সুবিধা আছে। অন্যান্য নোট-টেকিং অ্যাপের মতোই এ নোটগুলো ব্যবহার করা যায়। নোট তৈরি করে প্রয়োজনীয় সব তথ্য লিখে রাখা যায়।
পেমেন্ট তথ্য সংরক্ষণ
অনলাইনে কেনাকাটা করতে গেলে বারবার কার্ডের তথ্য ইনপুট করা ঝামেলা হতে পারে। তবে অনেক পাসওয়ার্ড ম্যানেজার এখন পেমেন্ট ডিটেইলস সংরক্ষণের সুবিধা দিচ্ছে। এছাড়া কার্ডের নাম, নাম্বার ও সিকিউরিটি কোডও সংরক্ষণ করে রাখা যায়। ফলে পরবর্তী সময়ে অনলাইনে কিছু কিনতে গেলে তখন তাড়াতাড়ি তথ্য পূরণ করা যাবে। এতে সময় বাঁচবে। আবার বিভিন্ন কার্ড আলাদা ফোল্ডারে ক্যাটাগরাইজ করারও সুযোগ থাকে। এটি বিভিন্ন অনলাইন কেনাকাটার জন্য একাধিক কার্ড ব্যবহারকারীর জন্য বেশ সুবিধাজনক।
পরিচয়পত্র নিরাপদে রাখা
অনলাইনে কেনাকাটা বা নতুন কোনো পরিষেবায় সাইনআপ করার সময়, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র দিতে হয়। কিছু পরিষেবার জন্য পরিচয় যাচাই করা প্রয়োজন। আন্তর্জাতিক ভ্রমণের সময় পাসপোর্টের যাবতীয় তথ্য হাতের কাছে রাখা ভালো। অনেক পাসওয়ার্ড ম্যানেজারে পরিচয়পত্র সংরক্ষণের জন্য ভল্ট থাকে। এখানে আইডি নম্বর ও বাসার ঠিকানার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করা যায়।
অথেনটিকেশন অ্যাপ
টু-ফ্যাক্টর অথেনটিকেশনের (২এফএ) সেরা উপায় হলো অথেনটিকেটর অ্যাপ থেকে ওয়ান-টাইম কোড ব্যবহার করা। তবে অনেক পাসওয়ার্ড ম্যানেজারও এ সুবিধা দেয়। যদিও পাসওয়ার্ড ম্যানেজারের জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হয়। যেমন বিটওয়ারডেন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে বিটওয়ারডেন অথেনটিকেটরও ব্যবহার করতে হয়। অন্যান্য অথেনটিকেটর অ্যাপের মতোই এ টুলগুলো কাজ করে। অথেনটিকেটর অ্যাপ নিরাপত্তা বাড়ানোর ভালো উপায়। তাই যারা অনলাইনে নিরাপত্তা নিয়ে সচেতন, তাদের জন্য পাসওয়ার্ড ম্যানেজারের এ ফিচারগুলো জানা ও ব্যবহার করা জরুরি।
মেকইউজঅব অবলম্বনে