অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্ট আজ, নতুন আইফোন উন্মোচন দেখা যাবে যেভাবে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় ৯ সেপ্টেম্বর দুপুর ১টা ও বাংলাদেশের স্থানীয় সময় আজ রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি। বিশ্বজুড়ে দর্শকরা বিভিন্ন মাধ্যমে বিনামূল্যে লাইভ দেখতে পারবেন

প্রযুক্তি জগতের অন্যতম বড় আয়োজন অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের কুপারটিনোর অ্যাপল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে এটিই অ্যাপলের প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান। বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের চোখ এখন অ্যাপলের এ মঞ্চের দিকে।

কী কী উন্মোচন হতে পারে?

এবারের ইভেন্টের প্রধান আকর্ষণ অ্যাপলের প্রথম ফোল্ডেবল বা ভাঁজযোগ্য আইফোন। টিপস্টারদের মতে, মডেলটির সম্ভাব্য নাম হতে পারে ‘আইফোন আল্ট্রা’। এছাড়া থাকবে নতুন ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৮ প্রিমিয়াম সিরিজের ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ফোল্ডেবল ফোনে ৫ দশমিক ৫ ইঞ্চির বাইরের ডিসপ্লে ও ৭ দশমিক ৮ ইঞ্চির ভেতরের ডিসপ্লে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। প্রিমিয়াম মডেল ছাড়াও নতুন ফিচারের অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ উন্মোচনের জোরালো সম্ভাবনা রয়েছে।

কখন ও কীভাবে দেখা যাবে আয়োজন?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় ৯ সেপ্টেম্বর দুপুর ১টা ও বাংলাদেশের স্থানীয় সময় আজ রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি। বিশ্বজুড়ে দর্শকরা বিভিন্ন মাধ্যমে বিনামূল্যে লাইভ দেখতে পারবেন। এর মধ্যে আছে ইউটিউব চ্যানেল। অ্যাপলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি স্ট্রিমিং করা হবে আইফোন উন্মোচন অনুষ্ঠানটি। এটি যেকোনো ডিভাইস থেকে দেখার সবচেয়ে সহজ উপায়।

এছাড়া রয়েছে অ্যাপল ওয়েবসাইট। যেকোনো ব্রাউজার ব্যবহার করে অ্যাপল ডট কমের ইভেন্টস পেজে গিয়ে সরাসরি লাইভ দেখা যাবে। পাশপাশি অ্যাপল টিভি অ্যাপেও দেখা যাবে মেগা ইভেন্টটি। স্মার্ট টিভি, আইফোন, আইপ্যাড কিংবা ম্যাকে অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে হাই-কোয়ালিটি স্ট্রিমিং উপভোগ করা যাবে।

এনগ্যাজেট অবলম্বনে

আরও