মঙ্গল গ্রহের শিয়াপারেলি গহ্বরের নতুন ভিডিও প্রকাশ

শিয়াপারেলি গহ্বরের ব্যাস ৪৬০ কিলোমিটারের বেশি। বিজ্ঞানজগতের পাশাপাশি কল্পকাহিনীতেও স্থানটি পরিচিত।

মঙ্গল গ্রহের অন্যতম বড় গর্ত শিয়াপারেলির নতুন ও স্পষ্ট ছবি তুলেছে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) মার্স এক্সপ্রেস মহাকাশযান। কয়েকশ কোটি বছর আগে পানির প্রবাহে গড়ে ওঠা অঞ্চলটির ওপর দিয়ে নিচু কক্ষপথে যাওয়ার সময় মহাকাশযানটি এসব ছবি ধারণ করে। ছবিগুলো দিয়ে গহ্বরটির ত্রিমাত্রিক ভিডিও তৈরি করেছে ইএসএ।

মঙ্গলের দক্ষিণাঞ্চলীয় উচ্চভূমির ব্যাপক গহ্বরপূর্ণ এলাকায় শিয়াপারেলির অবস্থান। প্রায় ৩৭০ কোটি বছর আগে মঙ্গলের জলবায়ু বর্তমানের তুলনায় উষ্ণ ও আর্দ্র ছিল। তখনকার পানিপ্রবাহ গ্রহটির এ অঞ্চলের ভূপ্রকৃতি গঠনে ভূমিকা রেখেছিল বলে জানিয়েছে ইএসএ।

শিয়াপারেলি গহ্বরের ব্যাস ৪৬০ কিলোমিটারের বেশি। বিজ্ঞানজগতের পাশাপাশি কল্পকাহিনীতেও স্থানটি পরিচিত। অ্যান্ডি উইয়ারের উপন্যাস ‘দ্য মার্শিয়ান’ এবং এর চলচ্চিত্র সংস্করণে নভোচারী মার্ক ওয়াটনি এ গহ্বরেই আটকা পড়েছিলেন।

গহ্বরটির নাম রাখা হয়েছে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী জিওভান্নি শিয়াপারেলির নামে। ১৮৭৭ সালে মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার সময় তিনি গ্রহটি পর্যবেক্ষণ করে এর পৃষ্ঠের বিস্তারিত মানচিত্র তৈরি করেছিলেন। মঙ্গলের গায়ে দেখা অন্ধকার রেখাগুলোকে তিনি ইতালীয় ভাষায় ‘কানালি’ বা প্রণালি হিসেবে উল্লেখ করেন। ইংরেজিভাষী জ্যোতির্বিজ্ঞানীরা পরে শব্দটির ভুল অনুবাদ করেন ‘ক্যানাল’ বা কৃত্রিম খাল হিসেবে। এর ফলে মঙ্গলে বুদ্ধিমান প্রাণীর তৈরি অবকাঠামো থাকার ধারণা ছড়িয়ে পড়ে।

পরবর্তী পর্যবেক্ষণে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখন পর্যন্ত মঙ্গলে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, একসময় গ্রহটির পৃষ্ঠে প্রবাহমান পানি ও সক্রিয় জলাধার ছিল।

বিশাল ব্যাস সত্ত্বেও একই আকারের অন্য মঙ্গলীয় গহ্বরের তুলনায় শিয়াপারেলি বেশ অগভীর। বিজ্ঞানীদের ধারণা, গহ্বরটি একসময় অনেক গভীর ছিল। কিন্তু কয়েকশ কোটি বছর ধরে বাতাস ও প্রাচীন পানিপ্রবাহে বয়ে আসা পলি, আগ্নেয়গিরির উপাদান এবং গ্রহাণুর আঘাতে সৃষ্ট ধ্বংসাবশেষ জমে এর গভীরতা কমেছে।

২০০৩ সালে উৎক্ষেপণ করা মার্স এক্সপ্রেসে রয়েছে উচ্চ রেজল্যুশনের স্টেরিও ক্যামেরা। এটি মঙ্গলপৃষ্ঠের কোনো অঞ্চল একই সময়ে পাঁচটি ভিন্ন কোণ থেকে এবং চারটি বর্ণালি পরিসরে পর্যবেক্ষণ করতে পারে। নিচু কক্ষপথ দিয়ে যাওয়ার সময় ধারণ করা বিস্তৃত ত্রিমাত্রিক তথ্য একত্র করে বিজ্ঞানীরা মঙ্গলের বিভিন্ন অঞ্চলের বিস্তারিত মানচিত্র তৈরি করেন। নতুন ভিডিওটি গ্রহটির প্রাচীন পানিপ্রবাহ ও ভূতাত্ত্বিক বিবর্তন বুঝতে সহায়তা করবে।

আরও