ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে রাউটার রাখতে হবে সঠিক স্থানে

ঘর বড় হোক বা ছোট, ওয়াই-ফাই সংযোগকে প্রভাবিত করে রাউটারের অবস্থান।

ঘর বড় হোক বা ছোট, ওয়াই-ফাই সংযোগকে প্রভাবিত করে রাউটারের অবস্থান। অনেকে মাঝে মাঝে দুর্বল বা একেবারে ওয়াই-ফাই বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে নিজের বাড়িতে ওয়াই-ফাইয়ের ধীরগতি অত্যন্ত বিরক্তি তৈরি করতে পারে। তাই রাউটার রাখার স্থান ঠিক করার জন্য কিছুটা সময় নিয়ে পরিকল্পনা করা জরুরি। কারণ ওয়াই-ফাই সিগন্যাল কম-বেশি হওয়া রাউটারের অবস্থানের ওপর নির্ভর করছে। এ সিগন্যাল যত বেশি দেয়াল অতিক্রম করবে, ততই তা দুর্বল হবে। ওয়াই-ফাই সিগন্যালের শক্তি বাড়াতে ও সংযোগের গতি উন্নত করতে রাউটার রাখার কিছু কৌশল অনুসরণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা—

ঘরের মাঝামাঝি কোনো স্থান

বেশির ভাগ মানুষ সাধারণত রাউটারটি একটু চোখের আড়ালে রাখতে পছন্দ করে। তবে এক্ষেত্রে ডিভাইসটি বাড়ির মাঝামাঝি কোনো জায়গায় রাখা সবচেয়ে কার্যকর। তবে কেন্দ্রীয় স্থান মানে বাড়ির ঠিক মধ্যবিন্দু নয়, ডিভাইসগুলো মূলত যেখানে বেশি ব্যবহার হয় সে এলাকার কেন্দ্রে রাউটার স্থাপন করতে হবে।

মেঝে থেকে ওপরে

প্রযুক্তিগতভাবে রাউটার একটি জটিল যন্ত্র, যা ডাটা আদান-প্রদানের জন্য ডিভাইসে ওয়াই-ফাই সিগন্যাল পাঠায়। রাউটার মেঝেতে রাখা হলে সিগন্যাল ওপরে পাঠাতে ডিভাইসকে বেশি চেষ্টা করতে হয়, ফলে কানেকশন দুর্বল হয়। তাই রাউটারকে মেঝে থেকে কিছুটা উঁচুতে রাখলে ওয়াই-ফাইয়ের সংযোগ শক্তিশালী হয়।

ঘরের কোনো কোণে না রাখা

অনেকেই রাউটারকে ঘরের এক কোণে রাখেন। কিন্তু এটি সিগন্যালের দুর্বলতার প্রধান কারণ হতে পারে। কারণ এতে করে রাউটার থেকে আসা সিগন্যালকে দেয়াল পেরোতে হয়, ফলে এর গতিবেগ কমে যায় এবং শক্তি কমে আসে। তাই ভালো ওয়াই-ফাই সংযোগের জন্য রাউটারকে খোলা স্থানে রাখা উত্তম।

রান্নাঘর এড়িয়ে যাওয়া

অনেক বাড়িতে রান্নাঘর কেন্দ্রীয় অবস্থানে থাকায় সেখানে রাউটার রাখা হয়। কিন্তু এটি ওয়াই-ফাই সংযোগের জন্য উত্তম নয়। কারণ রান্নাঘরের বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি যেমন মাইক্রোওভেন, ব্লেন্ডার বা অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্সের কারণে ওয়াই-ফাই বা অন্যান্য রেডিও সিগন্যাল ঠিকমতো কাজ করতে পারে না ও দুর্বল হয়ে যায়। এছাড়া রান্নাঘরে ধাতব জিনিস থাকে, যা ওয়াই-ফাই সিগন্যালকে বাধা দেয় ও গতি সীমিত করে।

দেয়ালের কাছাকাছি না রাখা

যত বেশি দেয়াল অতিক্রম করতে হবে, ওয়াইফাই সিগন্যাল ততই দুর্বল হয়। রাউটারকে দেয়ালের, বিশেষ করে কংক্রিট বা ইটের দেয়ালের কাছে রাখা সিগন্যালকে দুর্বল করার পাশাপাশি কখনো কখনো পুরোপুরি বাধাগ্রস্ত করতে পারে।

জানালা থেকে দূরে

জানালাও ঘরের ওয়াই-ফাই সিগন্যালকে প্রভাবিত করতে পারে। রাউটার জানালার কাছে রাখা হলে সিগন্যাল সহজে দুর্বল হতে বা হারাতে পারে। তাই রাউটার রাখার সময় জানালার অবস্থান বিবেচনা করা জরুরি।

আয়না ও পানির কাছাকাছি না রাখা

ওয়াই-ফাই সিগন্যাল রেডিও ওয়েভের মাধ্যমে চলার কারণে আয়না বা পানির মতো প্রতিফলনশীল পৃষ্ঠ থেকে সিগন্যাল প্রতিফলিত বা বাধাগ্রস্ত হতে পারে। উদাহরণস্বরূপ, ফিশ ট্যাংকের পাশে রাউটার রাখা উচিত নয়।

রাউটারের পথে বাধা সরানো

ডিভাইসটির সামনে আসবাবপত্র বা বড় শোপিস থাকলে ওয়াই-ফাই সিগন্যাল দুর্বল হতে পারে। কোনো বস্তু রাউটার বরাবর থাকলে সিগন্যাল বেঁকে বা ঘুরে যেতে বাধ্য হয়, ফলে সংযোগের শক্তি কমে যায়।

আরও