অপব্যবহারের শঙ্কায় এআই মডেল উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছে অ্যানথ্রপিকের সিইও

আমোদেই বলেন, এআই সক্ষমতার দ্রুত বিকাশের কারণে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে এআই এজেন্টদের একটি দল পুরো ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারে। এতে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এআই মডেলের সক্ষমতা উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। ঝুঁকি মোকাবিলায় তিন ধাপের একটি কাঠামোর প্রস্তাব দিয়েছেন তিনি। খবর রয়টার্স।

শনিবার এক্সে প্রকাশিত দীর্ঘ এক প্রবন্ধে আমোদেই লিখেছেন, এআই মডেলের সক্ষমতা বাড়ানোর গতি কমাতে হবে।

আমোদেইর প্রস্তাবিত তিন ধাপের পরিকল্পনায় রয়েছে—স্বাধীন মূল্যায়নকারীদের এআই কোম্পানির ভেতরে কর্মীদের মতো প্রবেশাধিকার দিয়ে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা, শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তার মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণহীন এআই উন্নয়ন সীমিত করা।

পাশাপাশি এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতারও আহ্বান জানিয়েছেন তিনি।

এ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক এবং ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। অল্টম্যান বলেন, স্বাধীন মূল্যায়নকারীদের কর্মীদের মতো প্রবেশাধিকার দেয়ার বিষয়টি ভালো উদ্যোগ এবং ওপেনএআইও একই কাজ করবে।

সান ফ্রান্সিসকোভিত্তিক অ্যানথ্রপিক সম্প্রতি একটি হুমকি-বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, কয়েকটি পক্ষ তাদের ক্লড এআই মডেল ব্যবহার করে অস্ত্র তৈরি, সাইবার কার্যক্রম, নজরদারি ও প্রতারণার মতো কাজে জড়িয়েছে। এ ঘটনার পরই আমোদেই তার প্রবন্ধটি প্রকাশ করেন।

এআইয়ের নিজস্ব সক্ষমতা দ্রুত বাড়ানোর বিষয়টিও আমোদেইর উদ্বেগের অন্যতম কারণ। তার আশঙ্কা, এআই মানুষের নিয়ন্ত্রণের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এ ছাড়া ওপেনএআই ও হাগিং ফেস-সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাও তাকে এআই মডেলের উন্নয়নের গতি কমানোর পক্ষে অবস্থান নিতে প্রভাবিত করেছে।

এদিকে এআইয়ের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ আরো বাড়ে অ্যানথ্রপিকের গবেষক জ্যাকব কক্সনের পদত্যাগের পর। তিনি বলেন, এআই তৈরি করা ব্যক্তিরাই বিশ্বাস করেন যে এ প্রযুক্তি মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।

আমোদেই বলেন, এআই সক্ষমতার দ্রুত বিকাশের কারণে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে এআই এজেন্টদের একটি দল পুরো ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারে। এতে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা করেন।

তবে তিনি এআই মডেলের প্রশিক্ষণ বা প্রযুক্তিগত অগ্রগতি বন্ধের আহ্বান জানাননি। বরং মডেলগুলোকে নিরাপদ ও নিয়ন্ত্রিত করার জন্য কোম্পানিগুলোকে যথেষ্ট সময় দেয়া এবং তৃতীয় পক্ষের মূল্যায়নের মাধ্যমে এসব পদক্ষেপ যাচাই করার কথা বলেছেন।

অন্যদিকে এআই খাতে বিপুল অর্থনৈতিক স্বার্থও জড়িয়ে আছে। ওপেনএআই ও অ্যানথ্রপিক বড় ধরনের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর প্রস্তুতি নিচ্ছে। নতুন প্রতিটি সক্ষমতা ভবিষ্যৎ বিনিয়োগ, অবকাঠামো ব্যয় ও আইপিওর যৌক্তিকতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

চীনের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে আমোদেইর প্রস্তাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানগুলোর চীনের ওপর নেতৃত্ব বজায় রাখার বিষয়টি বিবেচনায় রেখেই গণতান্ত্রিক দেশগুলোর এআই উন্নয়নের গতি নির্ধারণ করা উচিত। একই সঙ্গে উন্নত এআই চিপ, মডেল ডিস্টিলেশন এবং মডেল ওয়েট চুরির ওপর আরো কঠোর নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন তিনি।

আমোদেই আরো বলেন, এআই কোম্পানিগুলোকে সরকারের সঙ্গে কাজ করে স্থায়ী স্বাধীন মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে অভ্যন্তরীণ নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রতিরোধ ও নথিভুক্ত করা যায় এবং এআইয়ের সক্ষমতা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রেখে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

আরও