কোয়ালকমের চিপ ডিজাইনের লাইসেন্স বাতিল করছে আর্ম

মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকমের আর্কিটেকচার লাইসেন্স ব্যবহারের অনুমতি বাতিল করেছে ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আর্ম হোল্ডিংস।

মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকমের আর্কিটেকচার লাইসেন্স ব্যবহারের অনুমতি বাতিল করেছে ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আর্ম হোল্ডিংস। লাইসেন্সটির মাধ্যমে কোয়ালকম নিজেদের চিপ নকশার জন্য আর্মের মেধাস্বত্ব ও মানদণ্ড ব্যবহার করে আসছিল। ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর এনগেজেট।

আর্ম জানিয়েছে, অন্য অনেক চিপ নির্মাতার মতো কোয়ালকমও আর্মের কম্পিউটার কোড ব্যবহার করে। এ কম্পিউটার কোডের মাধ্যমে চিপগুলো অপারেটিং সিস্টেমের মতো প্রোগ্রাম পরিচালনা করতে পারে। আর্ম অবশ্য লাইসেন্স বাতিলের জন্য কোয়ালকমকে ৬০ দিন মেয়াদি নোটিস দিয়েছে। এ সময়ের মধ্যে উভয় কোম্পানি যদি সমঝোতায় আসতে না পারে, তাহলে তারা বড় ধরনের আর্থিক সমস্যায় পড়তে পারে এবং কোয়ালকমের উৎপাদনেও প্রভাব পড়বে।

২০২২ সালে নুভিয়া নামের কোম্পানিকে কিনে নেয়ার পর কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে সফটব্যাংক মালিকানাধীন আর্ম হোল্ডিংস। নুভিয়াও আর্মের লাইসেন্স ব্যবহার করে। এক্ষেত্রে আর্মের অভিযোগ, নুভিয়ার লাইসেন্স হস্তান্তর করার জন্য প্রয়োজনীয় অনুমতি পায়নি কোয়ালকম। মামলায় আর্ম উল্লেখ করেছে, অধিগ্রহণের মাধ্যমে নুভিয়া চুক্তি ভঙ্গ করেছে। আর এ কারণেই লাইসেন্স বাতিলের নোটিস দেয়া হয়েছে।

মাইক্রোসফট ও এইচপির মতো এআই পিসির জন্য ডিজাইন করা চিপে নুভিয়ার তৈরি প্রযুক্তি ব্যবহার করে আসছে কোয়ালকম। কিন্তু আর্ম চাচ্ছে, কোয়ালকম যেন নুভিয়ার তৈরি প্রযুক্তি ব্যবহার বন্ধ করে এবং অধিগ্রহণের আগে তৈরি করা আর্মভিত্তিক যেকোনো প্রযুক্তি যেন নষ্ট করা হয়।

ব্লুমবার্গ জানিয়েছে, ৬০ দিনের মধ্যে কোম্পানি দুটি যদি সমঝোতা করতে না পারে, তাহলে কোয়ালকমকে নিজেদের অধিকাংশ চিপ বিক্রি বন্ধ করতে হবে। এসব চিপ বিক্রি থেকে কোম্পানিটির আয় হয় প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলার।

তবে আর্মের এ পদক্ষেপকে ব্যবসায় চাপ প্রয়োগ ও চিপে উচ্চ রয়্যালটি পাওয়ার কৌশল হিসেবে দেখছে কোয়ালকম।

এছাড়া লাইসেন্স বাতিলের কারণকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি।

আরও