বাজারে আসছে আইকুর ফ্ল্যাগশিপ ফোন ফিফটিন প্রো

চীনা স্মার্টফোন নির্মাতা আইকু নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে।

চীনা স্মার্টফোন নির্মাতা আইকু নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে। সম্প্রতি উইরোতে দেয়া স্মার্ট পিকাচুর তথ্যানুসারে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বাজারে আসতে পারে আইকু ফিফটিন প্রো। চমৎকার ফিচার ও অভিনব হালনাগাদ নিয়ে আসবে ডিভাইসটি। খবর গিজমোচায়না।

জানা গেছে, আইকু ১৪ বাদ দিয়ে সরাসরি ১৫ সংস্করণ বাজারে আনতে যাচ্ছে। এর কারণ হিষেবে ধারণা করা হচ্ছে, চীনে চারকে অশুভ মনে করা হয়। এজন্য অনেক চীনা ব্র্যান্ড এ সংখ্যা এড়িয়ে চলে। চার বাদ দেয়া বেশ সাধারণ ঘটনা। তবে আইকু ১৪ সংখ্যাটিও বাদ দিয়েছে।

স্মার্ট পিকাচুর তথ্যমতে, আইকু ফিফটিন প্রো ফোনটিতে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন এইট এলিট টু চিপ ব্যবহার করা হবে। এ প্রসেসর ২০২৫ সালের অক্টোবরে উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। আইকু হতে পারে এ চিপের প্রথম ব্যবহারকারীদের মধ্যে একটি ব্র্যান্ড।

এর সঙ্গে থাকবে ফ্ল্যাট টু কে ওএলইডি ডিসপ্লে, যা আরো উজ্জ্বল ও স্পষ্ট পিকচার কোয়ালিটি দেবে। এছাড়া আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে, যা দ্রুত ও নিরাপদ আনলক করতে কার্যকর। ব্যাটারি পারফরম্যান্স এ ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে। তথ্য অনুযায়ী, আইকু ফিফটিন প্রোতে বিশালাকার ৭ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে পারে, যা অধিকাংশ ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় অনেক বড়। চার্জিং ক্ষমতা সম্পর্কে নির্দিষ্ট তথ্য এখনো জানা যায়নি। তবে এটি কমপক্ষে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

গুঞ্জন রয়েছে, এ ফোনে পেরিস্কোপ লেন্স থাকতে পারে, যা জুম ছবির ক্ষেত্রে ছবির মান বজায় রাখতে সাহায্য করবে। আগের আইকু প্রো মডেলগুলোয়ও পেরিস্কোপ লেন্স ছিল, তাই এ তথ্য সত্য হওয়ার সম্ভাবনা বেশি। এসব ফিচার থাকলে এটি বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

আরও