বছরের প্রথমার্ধে ওপেনএআইয়ের আয় ৪৩০ কোটি ডলার

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) প্রায় ৪৩০ কোটি ডলার আয় করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই, যা ২০২৪ সালের পুরো বছরের আয়ের তুলনায় ১৬ শতাংশ বেশি।

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) প্রায় ৪৩০ কোটি ডলার আয় করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই, যা ২০২৪ সালের পুরো বছরের আয়ের তুলনায় ১৬ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের দেয়া আর্থিক নথির তথ্য উদ্ধৃত করে চলতি সপ্তাহে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দি ইনফরমেশন।

প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথমার্ধে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) উন্নয়ন ও চ্যাটজিপিটি পরিচালনার জন্য গবেষণা ও উন্নয়ন খাতে প্রায় ২৫০ কোটি ডলার ব্যয় করেছে ওপেনএআই। কোম্পানিটি সম্প্রতি এআই প্রযুক্তি আরো বাড়ানোর জন্য বড় বিনিয়োগের পথে হাঁটছে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ওপেনএআইয়ের আয় দ্রুত বাড়ছে। চ্যাটজিপিটির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী প্লাটফর্মটির সঙ্গে যুক্ত হয়ে ধারাবাহিক আয় নিশ্চিত করছে। মাইক্রোসফটের মতো বড় কোম্পানির সঙ্গে অংশীদারত্বও আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি নতুন এআই পণ্য বাজারে আনার মাধ্যমে কোম্পানির রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে।

এদিকে সম্প্রতি ওপেনএআইয়ে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগসহ ডাটা সেন্টারের জন্য বিশেষ চিপ সরবরাহ করার কথা জানিয়েছে এনভিডিয়া। ২০২২ সালে চালুর পর থেকেই চ্যাটজিপিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ওপেনএআইয়ের তথ্যানুযায়ী, বর্তমানে প্লাটফর্মটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০ কোটিতে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

কোম্পানিটি জানিয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মধ্যে বেশির ভাগই এটি ব্যক্তিগত বা বিনোদনের কাজে ব্যবহার করছেন, কাজের জন্য নয়।

ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে এখন এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী ৭৮ শতাংশ প্রতিষ্ঠানে অন্তত একটি ব্যবসায়িক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে।

আরও