জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এখন ক্রমেই ই-কমার্স খাত বা অনলাইন কেনাকাটার প্লাটফর্ম হিসেবে নির্ভরযোগ্য হয়ে উঠছে। মার্কস অ্যান্ড স্পেন্সার, স্যামসাং, কিউভিসি, ক্লার্কস ও সেইন্সবেরির মতো বড় খুচরা বিক্রেতারা এখন টিকটক শপের মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করছে। এদের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের দুই লাখেরও বেশি ছোট ও মাঝারি ব্যবসা। খবর দ্য গার্ডিয়ান।
২০২১ সালে যুক্তরাজ্যে চালু হয় টিকটক শপ। এ বছর ব্ল্যাক ফ্রাইডেতে দেশটিতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড গড়েছে এ প্লাটফর্ম। সেদিন প্রতি সেকেন্ডে ২৭টি পণ্য বিক্রি হয়েছে। ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে মিলিয়ে মোট বিক্রি হয়েছে গত বছরের উৎসবকালীন বিক্রয়ের তুলনায় ৫০ শতাংশ বেশি।
টিকটক শপের মাধ্যমে ব্র্যান্ডগুলো অ্যাপের ভেতরেই পণ্য বিক্রি করতে পারে। ভিডিও ও লাইভস্ট্রিমে বিক্রির জন্য ব্র্যান্ডগুলো পণ্যের এম্বেড করা লিংক যুক্ত করে। পাশাপাশি নিজেদের প্রোফাইলে থাকা একটি আলাদা শপ ট্যাব ব্যবহার করতে পারে।
পণ্যের প্রচারে ব্র্যান্ডগুলো নিজেরাই কনটেন্ট তৈরি করে পণ্যের লিংক দিতে পারে। আবার ইনফ্লুয়েন্সারদের দিয়ে অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমেও পণ্য প্রচার করতে পারে। কেনাকাটার পুরো প্রক্রিয়াই অ্যাপের ভেতরেই সম্পন্ন হয়, অ্যাপ থেকে বের হতে হয় না। বিক্রির পর আয়ের অর্থ টিকটক, বিক্রেতা ও বিক্রিতে ভূমিকা রাখা কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে ভাগ হয়ে যায়।
টিকটক শপে প্রথম দিকেই যুক্ত হওয়া বড় সুপারমার্কেট চেইন সেইন্সবেরি তাদের ‘টু’ ব্র্যান্ডের ক্রিসমাস পাজামা বিক্রিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ইনফ্লুয়েন্সার র্যাচেল স্পাইসারের একটি প্রচারণা ভিডিও ৬৬ লাখ ভিউ পাওয়ার পর এক সপ্তাহের মধ্যেই এর সবক’টি বিক্রি হয়ে যায়। মার্কস অ্যান্ড স্পেন্সারও টিকটক শপের লাইভস্ট্রিম থেকে ভালো ফল পাচ্ছে। সেখানে গড়ে প্রতি ৩০ সেকেন্ডে একটি করে পণ্য বিক্রি হয়েছে।
পরিসর বাড়াতে টিকটক শপ ব্যবহার করছে ছোট ব্যবসাগুলোও। নিউক্যাসলভিত্তিক অনলাইন মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান দ্য ফ্যাট বুচার এ বছর প্রথমবারের মতো টিকটক শপে টার্কি বিক্রি করছে।
তবে টিকটক শপ থেকে শক্তিশালী বাণিজ্যিক সুফল পাচ্ছে বিউটি ব্র্যান্ডগুলো। আন্তর্জাতিক মার্কেটিং এজেন্সি আইরিসের সোশ্যাল স্ট্র্যাটেজি ডিরেক্টর ড্যানিয়েল ডালাহানের মতে, টিকটক শপের সাফল্যের বড় কারণ হলো প্লাটফর্মটি ভোক্তাদের অপরিকল্পিত কেনাকাটায় উৎসাহী করে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল ব্যবসায় আছে চাপ ও ঝুঁকিও। ব্যবসা ও সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক পরামর্শক জুলস ব্রিম বলেন, বিক্রি ও ভোক্তা বৃদ্ধিতে টিকটক শপ অনেক ছোট ব্র্যান্ডের জন্য সত্যিকারের গেমচেঞ্জার। কিন্তু এর পেছনে প্রচুর ব্যয়ও করতে হয়। যা ছোট ব্র্যান্ডগুলোয় ক্রমাগত কনটেন্ট তৈরির চাপ বাড়াতে পারে। বাড়িয়ে দিতে পারে ব্র্যান্ড গড়ার বদলে ট্রেন্ডের পেছনে ছোটার প্রবণতা।