তারবিহীন ইয়ারবাডস এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। উন্নত সাউন্ড কোয়ালিটি, আরামদায়ক ডিজাইন ও সহজ ব্যবহারের কারণে অনেকেই অডিও ডিভাইসটি পছন্দ করেন। তবে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে এতে, যা অনেক ব্যবহারকারী জানেন না বা উপেক্ষা করেন
অব্যবহৃত ইয়ারবাড অকেজো হওয়ার আশঙ্কা
ইয়ারবাডস ব্যবহার না করলেও চার্জ ধীরে ধীরে কমতে থাকে, যা সেলফ-ডিসচার্জ নামে পরিচিত। সাধারণত ইয়ারবাডসের ব্যাটারি ১০০ মিলি-অ্যাম্পিয়ারের কম। ফলে সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে ডিভাইস ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি দীর্ঘদিন এটি শূন্য চার্জ অবস্থায় পড়ে থাকে, তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
সময়ের সঙ্গে অডিও ব্যালান্স নষ্ট হয়ে যাওয়া
সময়ের সঙ্গে সঙ্গে শব্দের ভারসাম্য নষ্ট হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে দুটি ইয়ারবাডের ব্যাটারি সমানভাবে চার্জ ধরে না। একটি বেশি ব্যবহার হলে সেটির ব্যাটারি দ্রুত দুর্বল হয়ে যায়। এছাড়া শরীর থেকে নিঃসৃত ময়লা ও ঘাম স্পিকারের অংশে জমে শব্দের মান কমিয়ে দিতে পারে। ভেজা পরিবেশ, বৃষ্টি বা অতিরিক্ত ঘামের কারণে এক পাশের শব্দ দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
চার্জিং কেস নষ্ট হলে ইয়ারবাডসও অকেজো হয়ে যাওয়া
চার্জিং কেস নষ্ট হলে ইয়ারবাডসও অকেজো হয়ে যেতে পারে। বেশির ভাগ ইয়ারবাডসের কেস খুব একটা টেকসই হয় না। চার্জিং পিনে ময়লা জমলে চার্জ নেয়ার সমস্যা হয়। অনেক ব্র্যান্ড আলাদাভাবে চার্জিং কেস বিক্রি করে না। ফলে কেস নষ্ট হলে পুরো ইয়ারবাডস ব্যবহার অযোগ্য হয়ে পড়ে।
ফার্মওয়্যার আপডেট ক্ষতি করতে পারে
সফটওয়্যার হালনাগাদ (ফার্মওয়্যার আপডেট) অনেক সময় উপকারের পরিবর্তে সমস্যা সৃষ্টি করতে পারে। আপডেটের পর শব্দের মান পরিবর্তন হতে পারে। যেমন উচ্চ স্বরের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া বা মিড-রেঞ্জে অতিরিক্ত জোরে শোনা। অনেক ব্র্যান্ডে আগের সংস্করণে ফিরে যাওয়ার সুবিধা থাকে না, ফলে আপডেটের পর সমস্যা হলে সেটি সমাধান করা কঠিন হয়। তাই কোনো হালনাগাদ ইনস্টল করার আগে ব্যবহারকারীদের মতামত জানা ভালো।
নির্দিষ্ট কাজের জন্য ইয়ারবাডস নির্ভরযোগ্য নয়
তারবিহীন প্রযুক্তির কারণে শব্দ পরিবহনে সামান্য বিলম্ব ঘটে, যা নির্দিষ্ট কাজে অসুবিধা তৈরি করতে পারে। গান শোনার ক্ষেত্রে এটি সমস্যা না হলেও, ভিডিও দেখা, গেম খেলা বা সরাসরি কথা বলার সময় বাধা তৈরি করতে পারে। বিশেষ করে গেমিংয়ে প্রতিপক্ষের আক্রমণের শব্দ দেরিতে শোনা গেলে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে। উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও এসব বিলম্ব সম্পূর্ণ দূর করা যায় না।
ওয়্যারলেস সুবিধা, আকারে ছোট, উন্নত সাউন্ড কোয়ালিটি ও সুবিধাজনক ব্যবহারের জন্য বেশ জনপ্রিয় ইয়ারবাডস। তবে তারবিহীন ইয়ারবাডস ব্যবহারে সুবিধার পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তাই কেনার আগে ও ব্যবহারের সময় এসব বিষয় মাথায় রাখা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। —মেকইউজঅব অবলম্বনে