বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় ফের শীর্ষে উঠেছে টেক জায়ান্ট অ্যাপল। কোম্পানিটির বাজারমূল্য শুক্রবার লেনদেন শেষে দাঁড়ায় ৪ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলার। একই সময়ে চিপ নির্মাতা এনভিডিয়ার বাজারমূল্য নেমে আসে প্রায় ৪ দশমিক ৮৬ ট্রিলিয়ন ডলারে। ওই দিন এনভিডিয়ার শেয়ারদর ৩ দশমিক ৫ শতাংশ কমে যায়। খবর রয়টার্স।
গত বছরের এপ্রিলের পর বাজারমূল্যে ফের শীর্ষস্থান ফিরে পেল অ্যাপল। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের নতুন মূল্যায়নের প্রভাবেই এ পরিবর্তন এসেছে।
গত বছরের অক্টোবরে এনভিডিয়া বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলক অতিক্রম করে। এআই খাতে বিপুল বিনিয়োগের কারণে ওই সময় কোম্পানিটির শেয়ারদর দ্রুত বৃদ্ধি পায়। ফলে প্রযুক্তি খাতের অন্য সব প্রতিষ্ঠানের তুলনায় অনেক এগিয়ে যায় এনভিডিয়া।
তবে বাজার বিশ্লেষকদের মতে, অ্যাপলের শীর্ষে ওঠা মানেই এনভিডিয়ার আধিপত্য কমে হয়ে গেছে, এমনটি বলার সুযোগ নেই। কারণ এআই অবকাঠামো নির্মাণে ব্যবহৃত গ্রাফিক্স প্রসেসর বা জিপিইউ বাজারে এখনো সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এনভিডিয়াই।
বিশ্লেষকদের ভাষ্য, এ পরিবর্তন মূলত বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত। এতদিন এআই খাতের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে এনভিডিয়াকেই বেশি গুরুত্ব দেয়া হতো। এখন বিনিয়োগকারীরা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে প্রযুক্তি খাতের অন্যান্য বড় কোম্পানির সম্ভাবনাও মূল্যায়ন করছেন।
বিআরআই ওয়েলথ ম্যানেজমেন্টের বিনিয়োগ বিভাগের প্রধান টনি মেডোজ বলেন, ‘একসময় অ্যাপলকে এআই দৌড়ে পিছিয়ে থাকা প্রতিষ্ঠান হিসেবে দেখা হতো। কারণ প্রতিষ্ঠানটি নিজস্ব এআই মডেল তৈরিতে তুলনামূলক কম বিনিয়োগ করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধারণা বদলাতে শুরু করেছে।’