এক যুগ পর প্রকাশ হতে চলা গ্র্যান্ড থেফটের পরবর্তী সংস্করণ জিটিএ সিক্স থেকে বড় সাফল্যের প্রত্যাশায় আছে জাপানের সনি। নতুন গেমটি আগামী বছর মে মাসে উন্মোচন হচ্ছে বলে জানিয়েছে প্রকাশক রকস্টার গেমস। প্রথম বছরে প্রায় চার কোটি কপি বিক্রি হবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা, যা সনির জন্য প্রায় ৩২০ কোটি ডলার আয়ের সুযোগ তৈরি করতে পারে। খবর নিক্কেই এশিয়া।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল থেকে প্লেস্টেশন ফাইভের (পিএস ফাইভ) আট কোটির বেশি ইউনিট বিক্রি করেছে সনি। এর মাধ্যমে কোম্পানিটি গেমিং কনসোলের বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে আছে।
প্রতিবেদন অনুযায়ী, প্লেস্টেশন ফাইভের ভালো বিক্রির ফলে জিটিএ সিক্স উন্মোচন নিয়ে বেশ আশাবাদী সনি। গেমটি তৈরি করছে জনপ্রিয় গেম প্রকাশক রকস্টার গেমস। এটি প্রকাশ হবে টেক-টু ইন্টারঅ্যাকটিভের অধীনে।
বিশ্লেষকরা মনে করছেন, জিটিএ সিক্সের উত্তেজনা গেমারদের পিএস ফাইভ কিনতে আগ্রহী করবে, বিশেষ করে যাদের কাছে এখনো কনসোলটি নেই।
জিটিএ সিক্স ব্লকবাস্টার চলচ্চিত্র অ্যাভাটারের মতো সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এটি এ প্রজন্মের সবচেয়ে বড় ভিডিও গেম উন্মোচন হতে যাচ্ছে বলে জানিয়েছে রকস্টার।