সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগামী ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ দেখার সুবিধা বন্ধ করছে মেটা। এর পরিবর্তে চালু হচ্ছে ‘ভিউয়ার্স’ নামের নতুন ফিচার। এর মাধ্যমে কোনো কনটেন্ট কতটি আলাদা অ্যাকাউন্ট থেকে দেখা হয়েছে, তা জানা যাবে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতদিন ফেসবুকে কোনো পোস্ট, ছবি বা ভিডিও কতটি আলাদা অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা জানা যেত ‘রিচ’ থেকে। নতুন ‘ভিউয়ার্স’ সূচকেও আলাদা অ্যাকাউন্টের সংখ্যা দেখা যাবে। তবে দুই পদ্ধতিতে হিসাবের ধরন আলাদা হতে পারে। তাই আগের রিচের তথ্যের সঙ্গে নতুন ভিউয়ার্সের তথ্য তুলনা করা কঠিন হতে পারে।
এ পরিবর্তনের প্রভাব পড়বে ফেসবুক পেজের পরিচালকদের পাশাপাশি সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতাদের ওপর। কারণ তারা ফেসবুকের এসব তথ্য ব্যবহার করে নিজেদের পোস্ট কত মানুষের কাছে পৌঁছেছে এবং প্রচার কতটা কার্যকর হয়েছে, তা বোঝার চেষ্টা করেন। নতুন পদ্ধতি চালু হলে তাদের হিসাব রাখার ধরনেও পরিবর্তন আনতে হতে পারে।
রিচ ও ভিউয়ার্সের মধ্যে পার্থক্য
নতুন পদ্ধতি চালুর পর আগের রিচের সংখ্যার সঙ্গে ভিউয়ার্সের সংখ্যা মিলিয়ে দেখার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নতুন হিসাবে দর্শকসংখ্যা কম বা বেশি দেখা গেলেই যে কনটেন্টের জনপ্রিয়তা কমেছে বা বেড়েছে, তা নয়। হিসাবের পদ্ধতি বদলানোর কারণেও এমন হতে পারে।
ভিউয়ার্স ও ভিউজের হিসাবও এক নয়। ভিউয়ার্স দিয়ে বোঝা যাবে, কতটি আলাদা অ্যাকাউন্ট থেকে কোনো কনটেন্ট দেখা হয়েছে। অন্যদিকে, ভিউজ দিয়ে বোঝা যাবে, কনটেন্টটি মোট কতবার দেখা হয়েছে। একই অ্যাকাউন্ট থেকে কেউ একাধিকবার দেখলে প্রতিবারই ভিউজের হিসাবে তা যুক্ত হতে পারে।
পেজ পরিচালকদের করণীয়
নতুন পদ্ধতি চালুর আগে ফেসবুক পেজের পরিচালকদের আগের গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও পরিসংখ্যান সংরক্ষণ করে রাখা উচিত। এতে পরে পুরোনো তথ্যের সঙ্গে নতুন তথ্য মিলিয়ে দেখতে সুবিধা হবে।
পাশাপাশি শুধু রিচ বা ভিউয়ার্সের ওপর নির্ভর না করে পোস্টে কতগুলো রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া এসেছে, কতজন কমেন্ট বা মন্তব্য করেছেন, কতবার শেয়ার হয়েছে এবং কতজন লিংকে ক্লিক করেছেন, সেদিকেও নজর দেয়া প্রয়োজন।
নতুন পদ্ধতি চালু হলে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগতভাবে কনটেন্ট তৈরি করেন এমন ব্যক্তিদের প্রতিবেদন তৈরির পদ্ধতিতেও পরিবর্তন আসতে পারে। তাই নতুন সূচকটি কীভাবে কাজ করে, তা বুঝে নিয়ে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন করা জরুরি।