সাইবার হামলা ও হ্যাকিং ঝুঁকি কমাতে নতুন কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার মেটার মালিকানাধীন এই অ্যাপে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামে আরো উন্নত নিরাপত্তা মোড বিশ্বজুড়ে চালু হয়েছে। খবর এনডিটিভি।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত সাংবাদিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরণের ব্যবহারকারীরা প্রায়ই জটিল সাইবার আক্রমণের লক্ষ্য হন। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতেই এ মোড যুক্ত করা হয়েছে।
নতুন এ নিরাপত্তা মোড চালু করতে অ্যাপের সেটিংস অপশনে গিয়ে ক্লিক করলেই সব ব্যবস্থা সক্রিয় হবে। মোডটি চালু থাকলে অপরিচিত প্রেরকের পাঠানো ছবি, ভিডিও ও অন্যান্য সংযুক্ত ফাইল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে চ্যাটে পাঠানো কোনো লিংকের প্রিভিউ বা ছোট ছবি দেখা যাবে না। অপরিচিত নম্বর থেকে আসা কল সাইলেন্ট অবস্থায় থাকবে।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এসব মাধ্যম ব্যবহার করেই বেশির ভাগ হ্যাকিং ও নজরদারি চালানো হয়।
মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সব বার্তা শুরু থেকেই শক্তিশালী এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত। তবে আধুনিক ও লক্ষ্যভিত্তিক সাইবার হামলা মোকাবলায় অতিরিক্ত এ সুরক্ষা জরুরি হয়ে উঠেছে।
এর আগে, ২০২২ সালে অ্যাপল তাদের ব্যবহারকারীদের জন্য ‘লকডাউন মোড’ চালু করেছিল। ওই ফিচারেও বিভিন্ন মেসেজ ও লিংকের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছিল। গত বছর গুগলও তাদের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘অ্যাডভান্সড প্রোটেকশন মোড’ নিয়ে আসে। গুগলের ওই সুরক্ষা ব্যবস্থাটি চালু থাকলে স্টোরের বাইরে থেকে কোনো ঝুঁকিপূর্ণ অ্যাপ ডাউনলোড করা যায় না।