ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার প্রশিক্ষণে অনুমতি ছাড়া সংবাদ ব্যবহারের অভিযোগ এনেছে দুই মার্কিন সংবাদপত্র। শুক্রবার দুই এআই কোম্পানির নামে মামলা করেছে দ্য সিয়াটল টাইমস ও নিউজডে। মামলাটি দায়ের করা হয় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে। খবর রয়টার্স।
মামলার আরজিতে বলা হয়, প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি সংবাদপত্রের ওয়েবসাইট থেকে অনুমতি ছাড়াই কনটেন্ট সংগ্রহ করেছে। এমনকি পে-ওয়ালের ভেতরের সংরক্ষিত সংবাদও ব্যবহার করেছে। এসব তথ্য যুক্ত করা হয়েছে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট ও বিংয়ের এআই ফিচার সম্পর্কিত ডেটাসেটে।
পত্রিকা দুটির দাবি, এসব এআই প্রযুক্তি প্রতিবেদনের অংশবিশেষ অবিকল প্রকাশ করছে। ফলে ব্যবহারকারীরা মূল ওয়েবসাইটে প্রবেশ না করেই সরাসরি এআই থেকে তথ্য পেয়ে যাচ্ছেন। এতে এসব পত্রিকার সাবস্ক্রিপশন বিক্রি ও ডিজিটাল আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সিয়াটল টাইমসের প্রেসিডেন্ট ও সিইও অ্যালাইন ফিসকো বলেন, প্রতি বছর মানসম্মত সংবাদ তৈরিতে তারা লাখ লাখ ডলার ব্যয় করেন। তাই কোনো অনুমতি বা ক্ষতিপূরণ ছাড়া নিজেদের কনটেন্ট ব্যবহার বন্ধ করতে আইনি লড়াইয়ের পথ বেছে নেয়া হয়েছে।
অভিযোগের জবাবে ওপেনএআইয়ের একজন মুখপাত্র জানান, তাদের মডেলগুলো জনসমক্ষে থাকা তথ্য দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়, যা ন্যায্য ব্যবহারের (ফেয়ার ইউজ) নীতিমালার আওতায় পড়ে। অন্যদিকে মাইক্রোসফটের মুখপাত্র মামলাটি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তবে স্থানীয় সাংবাদিকতার গুরুত্ব বিবেচনা করে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আগ্রহ দেখান তিনি।