এআই প্রযুক্তির শক্তিশালী চাহিদায় ৭০ শতাংশ আয় বৃদ্ধির প্রত্যাশা করছে এনভিডিয়া। গতকাল আগামী অর্থবছরের এ পূর্বাভাস দেয় বিশ্বের দ্বিতীয় দামি কোম্পানিটি। এবারই প্রথম এত আগে থেকে প্রবৃদ্ধির সম্ভাবনা জানাল এনভিডিয়া। খবর রয়টার্স।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বলেন, ‘এআই এখন একটি গুরুত্বপূর্ণ মোড় বা পরিবর্তনের পর্যায়ে পৌঁছেছে। প্রযুক্তিটি এখন বাস্তব কাজে আসছে। এসব কাজ থেকে আয় ও মুনাফাও তৈরি হচ্ছে। ফলে এআইয়ের জন্য কম্পিউটিং সক্ষমতার চাহিদাও বাড়ছে।’
পূর্বাভাস অনুযায়ী, এনভিডিয়ার আগামী অর্থবছর শেষ হবে ২০২৮ সালের জানুয়ারিতে। ওই সময়ে কোম্পানিটির আয় ৭০ শতাংশ বাড়তে পারে। এর আগে ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা একই সময়ে এনভিডিয়ার আয় গড়ে ৪৪ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেন। কোম্পানির নতুন পূর্বাভাস বাজারের প্রত্যাশার চেয়ে অনেক বেশি।
কোম্পানির এমন প্রত্যাশার পেছনে বড় কারণ হলো এআই অবকাঠামোয় ক্রেতার সংখ্যা বাড়ছে। আগে মূলত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই এআই চিপের প্রধান ক্রেতা ছিল। এখন এআই ক্লাউড, বড় বড় প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের সরকারি বা সার্বভৌম ক্রেতা ও শিল্পপ্রতিষ্ঠানও এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।
ফুতুরাম ইকুইটিজের প্রধান বাজার কৌশলবিদ শে বোলুরের মতে, এআই চিপের চাহিদা এখন আর শুধু কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই। নতুন নতুন ধরনের ক্রেতা যুক্ত হচ্ছে বাজারে।
এআই চিপের পাশাপাশি এনভিডিয়া নতুন প্রজন্মের ভেরা রুবিন প্রসেসর নিয়েও এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে গ্রাহকদের কাছে এর সরবরাহ শুরু হয়েছে। কোম্পানিটি জানায়, চলতি প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ডেটা সেন্টার ব্যবসার মোট আয়ের প্রায় এক-পঞ্চমাংশ আসতে পারে ভেরা রুবিন প্ল্যাটফর্ম থেকে। পাশাপাশি এআই গবেষণাগারগুলো আগামী বছর এনভিডিয়ার ব্যবসায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছে কোম্পানিটি।