৭০ পেরিয়েও ছুটছে রেলের ‘দাদু ভাই’

'দাদা বুড়া হইলে কি ফালায়ে দিবেন? এইভাবেই চলবে দাদা', লোকোমোটিভকে ইশারা করে হেসে বলছিলেন ট্রেনের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধ। বাংলাদেশ রেলওয়ের সবথেকে পুরাতন এবং এখনো সচল ট্রেন ইঞ্জিন হলো ২০০০ সিরিজের ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ। রেলপ্রেমীদের কাছে এ সিরিজের ইঞ্জিনগুলো অত্যন্ত ভালোবাসা, 'দাদু ভাই' নামে পরিচিত এগুলো। ১৯৫৩ সালে কানাডার জেনারেল মোটরস ডিজেল কোম্পানি এ মিটার-গেজ ইঞ্জিনগুলো নির্মাণ করে। তৎকালীন 'পূর্ব পাকিস্তান রেলওয়ে' ওই বছরে এ সিরিজের চল্লিশটি ইঞ্জিন আমদানি করেছিল। এর ক্ষমতা প্রায় ১ হাজার ১২৫ হর্সপাওয়ার এবং সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার। সাধারণ নিয়ম অনুযায়ী, একটি রেল ইঞ্জিনের অর্থনৈতিক আয়ুষ্কাল বা কার্যক্ষমতা থাকে ২০ বছর। কিন্তু ৭০ বছরেরও বেশি সময় ধরে সেবা দিচ্ছে ২০০০ সিরিজের এই ইঞ্জিন; দীর্ঘ সময় পার হওয়ার কারণে বর্তমানে এ সিরিজের বেশিরভাগ ইঞ্জিনই অবসরে চলে গেছে। তবু ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে ২০২৩ নম্বর লোকোমোটিভটি। নানা মেরামত ও জোড়াতালির মধ্যেও এখনও হালকা মালবাহী ট্রেন এবং শান্টিং কাজে দায়িত্ব পালন করছে এ প্রবীণ ইঞ্জিন। ছবি: মাসফিকুর সোহান

আরও