চার ক্যাটাগরিতে নতুন ৫৬টি পণ্য উন্মোচন করেছে দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। গতকাল সোমবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব পণ্য উন্মোচন করা হয়।
নতুন পণ্যসম্ভারে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। পাশাপাশি স্টেপ স্লাইডের পণ্যগুলো এখন পুরুষের পাশাপাশি নারীরাও ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।
এ সময় অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির নতুন পণ্যের বৈশিষ্ট্য, নকশা, প্রযুক্তি, আরাম ও ব্যবহারিক দিক তুলে ধরেন। একই সঙ্গে সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
নুসরাত ফারিয়া বলেন, স্টেপ ফুটওয়্যারের মতো দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, ডিজাইন ও ক্রেতাদের আস্থাকে আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।
তৌসিফ মাহবুব বলেন, স্টেপ ফুটওয়্যারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পেরে আমি আনন্দিত। গত কয়েক বছরে ব্র্যান্ডটির পণ্যের মান ও ডিজাইনে যে ধারাবাহিক উন্নয়ন হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এবারের নতুন পণ্যগুলোতেও আধুনিক ফ্যাশন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় রয়েছে। আমি বিশ্বাস করি, নতুন এই পণ্যগুলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের পাশাপাশি তাদের স্টাইল ও আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করবে।
ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, স্টেপ ফুটওয়্যার সবসময় গ্রাহকদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে পণ্য তৈরি করে আসছে। আমাদের লক্ষ্য শুধু জুতা তৈরি নয়; বরং গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরাম, আত্মবিশ্বাস ও স্টাইল নিশ্চিত করা। দেশীয় ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের এ অগ্রযাত্রার পেছনে রয়েছে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসা। সেই আস্থাকে আরো শক্তিশালী করে স্টেপ ফুটওয়্যারকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। নতুন পণ্যসম্ভার সেই দীর্ঘমেয়াদি যাত্রারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন।