জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রোববার (২০ জুলাই) সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শিত হবে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত কয়েকটি তথ্যচিত্র ও ভিডিওচিত্র। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।
‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও বসিলায় নিহতদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হবে। পাশাপাশি ‘পিপল হু ফট ফর আস’ এবং ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট: স্টোরি অব মুসতাক আহমদ’ চলচ্চিত্র দুটির প্রদর্শনী হবে সারা দেশে।
এদিন ‘গণহত্যা ও ছাত্রজনতার প্রতিরোধ দিবস’ হিসেবে স্মরণ করা হবে ২০ জুলাইকে। সে উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে একটি মিউজিক ভিডিও, যার থিম সংগীত হবে ‘দেশটা তোমার বাপের নাকি’।
প্রচারসূচির অংশ হিসেবে ২০ জুলাই প্রচারিত হবে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শিরোনামে ডকুমেন্টারির ছয় নম্বর পর্ব ও একজন ‘জুলাই যোদ্ধার’ স্মৃতিচারণমূলক ভিডিও। এসব কনটেন্ট সরকার পরিচালিত সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে প্রচার করা হবে।
এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোবাইল ফোন গ্রাহকদের কাছে সংশ্লিষ্ট ভিডিওর লিংক পাঠানো হবে। একই দিনে ঢাকার মোহাম্মদপুরে উর্দুভাষী বাংলাদেশীদের অংশগ্রহণে আয়োজন করা হবে একটি কাওয়ালী সন্ধ্যার।