সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা

আলোচনায় জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের বিষয়টি গুরুত্ব পায়। প্যানেলিস্টরা বলেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বর্তমানে জিডিপির প্রায় ২ শতাংশ, যা ৩ দশমিক ৫ থেকে ৪ শতাংশের লক্ষ্যমাত্রার তুলনায় কম। বরাদ্দের বড় একটি অংশ পরিচালন ব্যয়ে ব্যয় হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। শিক্ষা খাতের মানোন্নয়ন ও শিক্ষক কল্যাণের তুলনায় অতীতের বাজেটে অবকাঠামো উন্নয়ন বেশি গুরুত্ব পেয়েছে বলেও মন্তব্য করেন তারা।

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে ‘বিইটিএ (বাজেট ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস)’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নেন। এতে বাংলাদেশের রাজস্বনীতি, করব্যবস্থা ও সরকারি ব্যয়সহ বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লতিফুল হক। অর্থনৈতিক গবেষণায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে দেশের রাজস্বনীতি, করব্যবস্থা ও সরকারি ব্যয় নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। সঞ্চালনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

প্যানেল আলোচনায় অংশ নেন সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব মো. মনজুরুল হক, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার (ট্যাক্সেস জোন-২, ঢাকা) ড. মো. নুরুল আমিন, এক্সপোর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম. এইচ. খসরু এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস: পলিসি অ্যান্ড আইসিটি) মো. তারেক হাসান।

আলোচনায় জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের বিষয়টি গুরুত্ব পায়। প্যানেলিস্টরা বলেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বর্তমানে জিডিপির প্রায় ২ শতাংশ, যা ৩ দশমিক ৫ থেকে ৪ শতাংশের লক্ষ্যমাত্রার তুলনায় কম। বরাদ্দের বড় একটি অংশ পরিচালন ব্যয়ে ব্যয় হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। শিক্ষা খাতের মানোন্নয়ন ও শিক্ষক কল্যাণের তুলনায় অতীতের বাজেটে অবকাঠামো উন্নয়ন বেশি গুরুত্ব পেয়েছে বলেও মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীদের অর্থনৈতিক নীতি ও সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞান এবং বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ে আয়োজন করা হয় পলিসি ডিবেট ও কেস স্টাডি প্রতিযোগিতা। এনটিভির নিউজ প্রেজেন্টার ও জুডোর সাবেক সভাপতি মুশফিক উস সালেহীন ‘বাজেট ২০২৬’ শীর্ষক পলিসি ডিবেট পরিচালনা করেন। এতে বিভিন্ন সমসাময়িক অর্থনৈতিক ইস্যুতে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরে এবং সরকারি নীতির মূল্যায়ন করে।

কেস স্টাডি প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো বাজেট-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ও সহকারী অধ্যাপক ফাহিমা কবির, সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর (এমডিএস) ড. ওয়াসিম আকরাম, সহকারী অধ্যাপক ড. জাসিয়া তাহজীদা, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) রিসার্চ অ্যানালিস্ট মো. সাদাত আনোয়ার এবং সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মামতাজুল জান্নাত।

প্রতিযোগিতায় ‘বাজেট আর্কিটেক্টস’ চ্যাম্পিয়ন এবং ‘ম্যাঙ্গো পিপল’ রানারআপ হয়। দলগত কাজ, বাস্তবভিত্তিক সমস্যা সমাধান এবং জটিল অর্থনৈতিক বিষয় উপস্থাপনের দক্ষতার জন্য বিজয়ী দলগুলো প্রশংসিত হয়।

আরও