মধ্যপ্রাচ্যে স্ক্যাফোল্ডারের চাহিদা বৃদ্ধি ও দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, দেশে স্ক্যাফোল্ডিং পেশায় কাজ করা অনেক কর্মী প্রচলিত পদ্ধতি বা অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করেন। তবে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ ও দক্ষতা যাচাইয়ের সুযোগ সীমিত। নতুন দক্ষতার মানদণ্ড ও প্রশিক্ষণ কাঠামো চালু হলে এ ঘাটতি কমবে।

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে স্ক্যাফোল্ডারের বাড়তি চাহিদা কাজে লাগাতে দেশে মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। এ লক্ষ্যে নির্মাণ খাতের ‘স্ক্যাফোল্ডিং’ পেশার জন্য দক্ষতার মানদণ্ড ও প্রশিক্ষণ কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এনএসডিএর সম্মেলন কক্ষে ‘স্ক্যাফোল্ডিং’ পেশার দক্ষতার মানদণ্ড ও প্রশিক্ষণ কোর্সের অনুমোদনসংক্রান্ত নথি যাচাই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিল্প খাতের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও এনএসডিএর প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।

সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, দেশে স্ক্যাফোল্ডিং পেশায় কাজ করা অনেক কর্মী প্রচলিত পদ্ধতি বা অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করেন। তবে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ ও দক্ষতা যাচাইয়ের সুযোগ সীমিত। নতুন দক্ষতার মানদণ্ড ও প্রশিক্ষণ কাঠামো চালু হলে এ ঘাটতি কমবে।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে কর্মসংস্থানমুখী করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। স্ক্যাফোল্ডিং পেশার জন্য দক্ষতার মানদণ্ড ও প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন এ উদ্যোগের অংশ।

এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান আরো বলেন, দেশের নির্মাণ খাতের পাশাপাশি বিদেশের শ্রমবাজারেও এ উদ্যোগের বড় সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবকাঠামো ও নির্মাণ প্রকল্পে স্ক্যাফোল্ডারের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষিত কর্মী তৈরি করা গেলে এসব বাজারে বাংলাদেশী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

স্ক্যাফোল্ডিং হলো নির্মাণকাজে শ্রমিকদের নিরাপদে উঁচু স্থানে ওঠা, চলাচল ও কাজ করার জন্য ব্যবহৃত অস্থায়ী কাঠামো। এটি স্থাপন ও ব্যবহারে দক্ষতার ঘাটতি থাকলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই এ পেশায় প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি নিরাপদ কর্মপদ্ধতি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

কর্মশালায় প্রস্তাবিত দক্ষতার মানদণ্ড ও প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিল্প খাতের বাস্তব চাহিদা, প্রয়োজনীয় কারিগরি দক্ষতা, নিরাপত্তা ব্যবস্থা, সরঞ্জাম ব্যবহার এবং কর্মক্ষেত্রে দায়িত্বের বিষয়গুলো বিবেচনায় নিয়ে অংশীজনদের মতামত নেয়া হয়।

অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করে কর্মশালায় দক্ষতার মানদণ্ড ও প্রশিক্ষণ কোর্সের অনুমোদনসংক্রান্ত নথি চূড়ান্ত করা হয়। এর ফলে প্রশিক্ষণ কারিকুলাম তৈরির পাশাপাশি এনএসডিএ নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে স্ক্যাফোল্ডিং কোর্স চালুর সুযোগ তৈরি হবে।

এ উদ্যোগের মাধ্যমে দেশে স্ক্যাফোল্ডিং পেশায় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ বাড়বে এবং দক্ষ জনবল তৈরির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

—বিজ্ঞপ্তি

আরও